চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ঈদে মিলাদুন্নবী পালন
চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে পালিত হয়েছে ঈদে মিলাদুন্নবী।
মঙ্গলবার সকালে এ উপলক্ষে আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে বিশাল জশনে জুলুসের (মিলাদুন্নবীর মিছিল) আয়োজন করা হয়।
মিছিলে অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের কণ্ঠে ধ্বনিত হয় ‘ইয়া নবী সালামু মালাইকা, ইয়া রসুল সালামু মালাইকা”। মিছিলে ছিল ফুলে সজ্জিত গাড়ি, সবুজ রঙের তারকা খচিত পতাকা।
এবারের জুলুসের মিছিলে নতুন অনুষঙ্গও দেখা গেছে। মিছিলে অংশ নেয়া কয়েকটি ট্রাকে তরুণদের হাতে ছিল লাল-সবুজের জাতীয় পতাকা।
ট্রাস্টের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নবীকূল শিরোমনি হজরত মোহাম্মদ (স.) এর জন্মদিন পালন আমাদের জন্য সুন্নত।
“অন্যান্য বছরের মত এবারও আলোচনা সভা, জুলুস ও এবাদত বন্দেগির মাধ্যমে দিনটি পালন করা হচ্ছে।”
মিছিলের আগে নগরীর বিবিরহাট এলাকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জালালুদ্দিন আল কাদেরী, মাওলানা ওবায়দুল হক নঈমী, ট্রাস্টের সহ-সভাপতি মোহাম্মদ মহসীন ও শিল্পপতি মিজানুর রহমান।
আলোচনায় বক্তারা মিলাদুন্নবীর গুরুত্ব ও হজরত মোহাম্মদ (স.) এর জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
মাদ্রাসা সংলগ্ন খানকায়ে-এ-কাদেরিয়া সৈয়দিয়া তৈয়বিয়া থেকে জুলুসের মিছিলটি শুরু হয়। মিছিলটি নগরীর মুরাদপুর, কাতালগঞ্জ, চকবাজার, চন্দনপুরা, আন্দরকিল্লা, চেরাগী পাহাড়, জমিয়তুল ফালাহ মসজিদ মোড় হয়ে মুরাদপুর গিয়ে শেষ হয়।
