২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা ও ভাইকে খুন করেছে সমীরণ

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মা-ছেলে খুনের মামলার প্রধান আসামি সমীরণ মৃধা খুনের কথা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2014, 07:51 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

মঙ্গলবার বরিশালের পুলিশ সুপার একেএম এহসান উল্ল্যাহ জানান, আসামি সমীরণ তার  মা মনিকা ও ভাই সুশীলকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছে।

গত ৭ জানুয়ারি বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউপির উত্তর দেহেরগতি গ্রামের খ্রিস্টানপাড়ার নিজ বসতঘর থেকে মনিকা মৃধা (৬৫) ও ছেলে সুশীল মৃধার (৪৫) রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল মনিকা মৃধার অপর ছেলে সমীরণ মৃধা (৪০)।

সোমবার রাতে রাজধানী ঢাকার ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বাবুগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার তাকে বরিশাল বাবুগঞ্জ থানায় নিয়ে আসা হয়।

হত্যার ঘটনায় ৮ জানুয়ারি সমীরণ মৃধাকে প্রধান আসামি করে বাবুগঞ্জ থানায় মামলা দায়ের করেন বোন সবিতা মৃধা।

পুলিশ সুপার এহসান জানান, পারিবারিক বিরোধের জের ধরে ৫ জানুয়ারি গভীর রাতে মা ও ভাইকে হত্যা করেছে সমীরণ।

প্রথমে সুশীল মৃধাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ দৃশ্য দেখে মা মনিকা মৃধা চিৎকার শুরু করলে তাকেও কুপিয়ে এবং পিটিয়ে হত্যা করে সমীরণ।