চট্টগ্রামে শিবিরের হাতবোমায় অটোরিকশা চালক আহত
চট্টগ্রাম নগরীর নাসিরাবাদে ইসলামী ছাত্রশিবিরের মিছিল থেকে ছোড়া হাতবোমায় এক অটোরিকশা চালক আহত হয়েছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার জানান, নাসিরাবাদ এলাকার পূর্বকোণ অফিসের কাছে এ ঘটনায় আহত চালক মো. বশিরকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি বলেন, “দুইজন পথচারী বশিরকে হাসপাতালে নিয়ে আসে। চোখের নিচে আঘাত পাওয়ায় তাকে চক্ষু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।”
প্রত্যক্ষদর্শী মো. শাহজালাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ১০টার দিকে শিবিরের একটি মিছিল ষোলশহর এলাকা থেকে জিইসি মোড়ের দিকে যাওয়ার সময় তিনটি হাতবোমা ছোড়ে।
একটি হাতবোমা বশিরের অটোরিকশার সামনের কাচে এবং দুইটি পাশে পড়ে বিস্ফোরিত হয়।
