২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকি না পেয়ে দোকানিকে মারধর আ. লীগ নেতার

বাকিতে সিগারেট চেয়ে না পাওয়ায় দোকানদারকে মারধর ও ভাংচুর করেছেন পটুয়াখালীর এক স্থানীয় আওয়ামী লীগ নেতা।  

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2014, 09:51 PM

Updated : 01 Sep 2026, 06:01 PM

শনিবার রাতে সদরের লাউকাঠি বাজারের ব্যবসায়ী ফটিক চন্দ্র চন্দের দোকানে এ হামলা চালায় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাহাদুর শেখ।

পটুয়াখালীর পুলিশ সুপার রফিকুল হাসান গণি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ও কিছু না, একটু মদ-টদ খেয়ে মাতলামি করেছে। পুলিশ গিয়ে ওকে পায়নি। ধরে এনে একটু পিটা দিলেই ঠিক হয়ে যাবে।”

ফটিক চন্দের স্ত্রী কাজল রানী চন্দ জানান, রাত সাড়ে ৯টার দিকে ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাহাদুর শেখ লাউকাঠি বাজারে তার স্বামী ফটিকের চায়ের দোকান এসে সিগারেট চান।

আগের টাকা পাওনা আছে দাবি করে সিগারেট দিতে তিনি অপারগতা প্রকাশ করলে তিনি তাকে মারধর করেন এবং দোকানে ভাংচুর করেন।

ওই বাজারের মুদি দোকানি সঞ্জয় চ্যাটার্জি জানান, ঘটনার পর বাজারে তার ছোট ভাই অজয় চ্যাটার্জির দোকানে গিয়ে পূর্ব বিরোধের জের ধরে তাকে অকথ্য ভাষায় গালাগাল করেন বাহাদুর।

“এ সময় এর প্রতিবাদ করলে বাহাদুর কিল-ঘুষি-লাথি দেন আমাকে,” বলেন সঞ্জয়।

এ বিষয়ে লাউকাঠি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আশিস চক্রবর্তী জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

জেলা প্রশাসক অমিতাভ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনাটি তিনি শুনেছেন। খোঁজ নেয়া হচ্ছে।

সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, অভিযুক্ত বাহাদুরকে গ্রেপ্তারের জন্য পুলিশ ওই এলাকায় অবস্থান করছে।