নিউ ইয়র্কে জামায়াতের সেমিনার ভণ্ডুল
প্রবাসী বাংলাদেশিদের প্রতিরোধের মুখে নিউ ইয়র্কে ভণ্ডুল হয়ে গেছে যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লাকে নিয়ে জামায়াতে ইসলামীর এক সেমিনার।
এস্টোরিয়ায় সাউন্ডভিউ মিলনায়তনে শুক্রবার বিকালে এই সেমিনারে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুর রাজ্জাকের থাকার কথা ছিল। তিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতাদের প্রধান আইনজীবী।
‘রাষ্ট্রীয় সন্ত্রাসের কবলে বাংলাদেশ : বিচারিক হত্যার শিকার শহীদ আব্দুল কাদের মোল্লা’ শীর্ষক এই সেমিনারটি ‘কোয়ালিশন অব বাংলাদেশি আমেরিকান এসোসিয়েশন’ ব্যানারে আয়োজন করা হয়েছিল।
প্রবাসে জামাত-শিবির সমর্থকদের গড়া এই সংগঠনটি একাত্তরের ঘাতকদের বিচারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে সভা-সমাবেশ করে আসছে। ডিসেম্বরের শেষভাগে ব্যারিস্টার রাজ্জাক নিউ ইয়র্কে এলেও এটি ছিল তার প্রথম প্রকাশ্য কোনো অনুষ্ঠান।
একাত্তরের ‘কসাই কাদের’ এর পক্ষে এই সেমিনারের আয়োজন নিয়ে প্রবাসে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ সংগঠনগুলোর মধ্যে তীব্র প্রতিক্রিয়া ছিল। তারা সেমিনার প্রতিরোধের ঘোষণা দিয়ে সাউন্ডভিউ মিলনায়তনে কর্মসূচি দেন।
বৃষ্টির মধ্যেই সেমিনারস্থলের বাইরে অবস্থান নেন তারা। স্লোগানের পাশাপাশি সেখানে বক্তৃতাও চলে। এর ফলে সেমিনারটি আর হয়নি।
বিক্ষোভের অন্যতম নেতা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি জাকারিয়া চৌধুরী বলেন, “এভাবেই প্রবাসে জামায়াত-শিবিরের প্রতিটি কর্মসূচি প্রতিরোধ করা হবে।
“মুক্তিযুদ্ধের পক্ষের প্রবাসীরা ঐক্যবদ্ধ থাকলে ভবিষ্যতে জামায়াত-শিবির কোনো অনুষ্ঠানই যুক্তরাষ্ট্রে করতে পারবে না।”
বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নূরনবী, ড. প্রদীপ কর, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ডা. মাসুদুল হাসান, সাইফুল ইসলাম রহিম এবং মোহাম্মদ হানিফ, সহসভাপতি জয়নাল আবদিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান ও আবুল হাসিব মামুন।
নিউ ইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল, বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি নজমুল ইসলাম চৌধুরী, আওয়ামী আইনজীবী পরিষদের সভানেত্রী মুর্শেদা জামান, যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দরুদ মিয়া রনেল, আওয়ামী লীগ নেতা জসীমউদ্দিন মিঠু, নিউ ইয়র্ক নগর আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ হোসেন সিরাজিও সমাবেশে বক্তব্য রাখেন।
পুলিশ বেষ্টনিতে তাদের এই প্রতিরোধ কর্মসূচির সময় পথচারী বিদেশিরা কৌতূহলী হয়ে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানতে চান। তাদের অনেকেই যুদ্ধাপরাধীদের শাস্তি চান।
সেমিনার পণ্ড হয়ে যাওয়ার পর বিক্ষোভকারীরা এস্টোরিয়ায় একটি রেস্তোরাঁয় ‘বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ উপলক্ষে সভা করেন।
ওই সভায় বক্তারা একাত্তরের ঘাতকদের শাস্তি কার্যকর এবং জামায়াত নিষিদ্ধের দাবি জানান।
