মাগুরায় মন্দিরের অলঙ্কার ‘চুরি’
মাগুরা শহরে হিন্দু সম্প্রদায়ের দুটি মন্দিরে তালা ভেঙে স্বর্ণালঙ্কার চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার ভোর রাতে সাতদোহা শ্মশান ঘাট ও শ্রী শ্রী ন্যাংটা বাবার আশ্রমে এ ঘটনা ঘটে বলে জানান আশ্রম কমিটির সভাপতি সন্তোষ কুমার দত্ত।
ঘটনার খবর পেয়ে সকালে পুলিশ সুপার জিহাদুল কবীরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা মন্দির পরিদর্শন করেছেন।
সন্তোষ কুমার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আশ্রমের মূল মন্দির ও কালী মন্দিরের তালা ভেঙে দুর্বৃত্তরা মূর্তির শরীরে পরানো মুকুটসহ দুই ভরি সোনা ও আট ভরি রূপার গহনা নিয়ে যায়।
ঘটনার পর হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সদর থানার ওসি এমএ হাসেম জানান, আশ্রমে চুরির ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
