নির্বাচনোত্তর হামলা-সহিংসতার প্রতিবাদ দেশজুড়ে
দেশব্যাপী সহিংসতা ও সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতনের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ-সমাবেশ-মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই বিভিন্ন জেলায় এসব কর্মসূচি পালিত হয় বলে জানান জেলা প্রতিনিধিরা।
দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে শতাধিক স্কুল পুড়িয়ে দেয়াসহ নানা সহিংসতা হয়েছে। নির্বাচনের পর দেশের বিভিন্ন জেলায় হিন্দু ধর্মাবলম্বী ও ক্ষুদ্রনৃগোষ্ঠীর হামলা হয়। এ সময় তাদের ঘরবাড়িতে ভাংচুর-লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
রংপুরে বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি
দেশব্যাপী সহিংসতা বন্ধের দাবিতে রংপুর নগরীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও মানবাধিকার সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে।
সকালে কাচারী বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
এতে বক্তব্য দেন অ্যাডভোকেট দীপক কুমার সাহা, হোসনে আরা লুৎফা ডালিয়া ও রফিকুল ইসলাম মুকুল।
দুপুরে নগরীর জাহাজ কোম্পানী মোড়ে ‘জাগো রংপুর’ ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও সমাবেশ হয়।
এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের কয়েকশ’ নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে জাগো রংপুরের আহ্বায়ক মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলু, সদস্য সচিব ডা. সৈয়দ মামুনুর রহমান, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম মিলন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রিষিণ পরিমল, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় প্রসাদ বাবন বক্তব্য দেন।
এছাড়া নগরীর পায়রা চত্বরে সবাবেশ করেছে সিপিবি ও বাসদ।
এতে বক্তব্য দেন সিপিবি সভাপতি শাহাদৎ হোসেন।
একই দাবিতে নগরে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও জাসদ।
এসব কর্মসূচিতে বক্তারা হরতাল ও অবরোধের নামে সন্ত্রাস, সহিংসতা বন্ধের জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানান।
ফরিদপুরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর হামলার প্রতিবাদ
দেশের বিভিন্নস্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের লোকজনের বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের প্রতিবাদে সকালে ফরিদপুর শহরে কালো পতাকা হাতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল হয়েছে।
জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ, ছাত্র-যুব ঐক্য পরিষদ, পূজা উদযাপন পরিষদ ও হিন্দু নাগরিক সমাজ এ কর্মসূচি আয়োজন করে।
ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে বিভিন্ন শ্রেণি ও পেশার কয়েকশ’ মানুষ বেলা ১১টা থেকে এক ঘণ্টা এ মানববন্ধন করে।
এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ড. বিপ্লব বালা, মহিলা আওয়ামী লীগ নেত্রী আইভি মাসুদ, শিশু সংগঠক সিরাজুল আজম, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, আইনজীবী মানিক মজুমদার ও জেলা যুব ইউনিয়নের সভাপতি বেলায়েত হোসেন।
বক্তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর জামায়াত-শিবিরের চক্রান্ত রুখতে দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
পরে কালো পতাকা হাতে মিছিল নিয়ে ফরিদপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি দেন তারা।
দিনাজপুরে রোডমার্চ কর্মসূচি ঘোষণা
দিনাজপুরের সদর উপজেলার কর্ণাই গ্রামসহ সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি হয়েছে।
এ সময় সমাবেশ থেকে আগামী শনিবার কর্ণাই গ্রামের উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করা হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন ‘মনুষত্বের আহ্বান’-এর উদ্যোগে বেলা ১২টায় দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন পালিত হয়।
প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলাকালে বক্তারা অবিলম্বে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
আয়োজনক সংগঠনের উপদেষ্টা পরিমল চক্রবর্তী হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবিতে আগামী শনিবার দিনাজপুর প্রেসক্লাব থেকে কর্ণাই গ্রামের উদ্দেশ্যে রোডমার্চ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে একই দাবিতে বেলা ১১টায় কর্মজীবী নারী সমিতি দিনাজপুর প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে।
ঝালকাঠীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নির্বাচনকে কেন্দ্র করে যশোরের অভয়নগরসহ দেশব্যাপী হিন্দুধর্মাবলম্বীদের উপর সংহিসতার প্রতিবাদে ঝালকাঠীতে বিক্ষোভ মিছিল ও মানবন্ধন করেছে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও জেলা পূজা উদযাপন পরিষদ।
বেলা ১১টায় শহরের আখড়াবাড়ি মন্দির থেকে কালো পতাকা নিয়ে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল শেষে কয়েকশ’ মানুষ ঝালকাঠী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধনে অংশ নেয়।
আয়োজক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগ, সাংবাদিক ও জেলার বিশিষ্ট নাগরিকরা মানববন্ধনে অংশ নেন।
সমাবেশে বক্তারা হামলা-নির্যাতন বন্ধে সরকারকে কঠোর প্রদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
খুলনায় নির্বাচন পরবর্তী নির্যাতনের প্রতিবাদে মানবন্ধন
যশোর দিনাজপুর ঠাকুরগাঁ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে সংসদ নির্বাচন পরবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, অত্যাচার, নির্যাতন, লুটপাট ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে খুলনায় মানবন্ধন হয়েছে।
বেলা সাড়ে ১১টায় নগীরর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
এ সময় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার।
বক্তৃতা করেন পূজা পরিষদের জেলা সভাপতি বিজয় কুমার ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি অমিয় সরকার গোরা, মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন মিত্র।
সমাবেশে বক্তারা, হামলাকারী দুস্কৃতকারীদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
রাজশাহী আদিবাসীদের মানববন্ধন
নির্বাচনের পর সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন করেছে আদিবাসীরা।
দুপুরে শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য অনিল মারান্ডির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন রাজশাহী জেলা আদিবাসী পরিষদের উপদেষ্টা দেবাশীষ প্রামানিক দেবু, আদিবাসী নেতা রাজকুমার সাও, সুশেন কুমার শ্যামদোয়ার ও রাজশাহী আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি উপেন রবি দাস।
তারা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।
