সীতাকুণ্ডে দুই ট্রাকের সংঘর্ষে চালক নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে মালবোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকচালক নিহত হয়েছেন।
হাইওয়ে পুলিশের কুমিরা ফাঁড়ির সার্জেন্ট জিল্লুর রহিম জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার নুনাছড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম জানাতে না পারলেও তার বয়স ৩০ বছরের কাছাকাছি বলে জানিয়েছেন তিনি।
দুর্ঘটনায় আহত চালকের সহকারী নবির উদ্দিনকে (২৮) হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সার্জেন্ট জিল্লুর বলেন, সকালে চট্টগ্রামগামী চাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী চুনাপাথর বোঝাই আরেকটি ট্রাকের সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই চাল বোঝাই ট্রাকের চালক মারা যান।
এদিকে চুনাপাথর বোঝাই ট্রাকের চালক ও তার সহকারী ঘটনার পরপরই পালিয়ে গেছেন বলেও জানান সার্জেন্ট জিল্লুর।
