২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ৬

দশম জাতীয় সংসদ নির্বাচনের পরদিন ঝিনাইদহ শহরে পরাজিত প্রার্থীর লোকজনের হামলায় অন্তত ছয় জন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 07:36 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

বিকাল ৩টায় কালিকাপুর তিনরাস্তা মোড়ে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

ঝিনাইদহের পুলিশ সুপার আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ঘটনায় আহতদের মধ্যে চার জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তারা হলেন, নাজিরুল ইসলাম, শরিফুল ইসলাম, কামরুল ইসলাম ও আবু বকর। তাদের সবার বাড়ি শহরের কালিকাপুর।

পুলিশ সুপার জানান, ঝিনাইদহ-২ আসনে কয়েকজন আওয়ামী লীগ সমর্থক নির্বাচনে দলীয় প্রার্থীর বদলে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেন। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হন।

বিকালে এদের কয়েকজন বাড়ি ফিরছিলেন।

কালিকাপুর এলাকায় পরাজিত প্রার্থীর সমর্থকরা তাদের উপর হামলা চালায় এবং কয়েকজনকে কুপিয়ে আহত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় দোষীদের কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি বলে জানান পুলিশ সুপার আলতাফ হোসেন।