২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় আগুনে পুড়ল সাত বসতঘর

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2014, 04:07 PM

Updated : 01 Sep 2026, 05:59 PM

রোববার গভীর রাতে উপজেলার নলুয়া ইউনিয়নের দক্ষিণ মরফাতলা মরিচ্চা গ্রামে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস কর্মীরা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করলেও ক্ষতিগ্রস্ত একটি পরিবারের সদস্য আবুল হাশেম বলছেন, পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন দেয়া হয়েছে।

তিনি টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্বৃত্তরা তিন দিক থেকে নাড়া (ধান কাটার পর আবশিষ্ট অংশ) দিয়ে আগুন ধরায়। এতে নগদ টাকাসহ ঘরের মূল্যবান মালামাল পুড়ে গেছে।”

সাতকানিয়া ফায়ার স্টেশনের কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, রাত পৌনে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নির্বাচনী সহিংসতার কারণে বিভিন্ন স্থানে সড়কে প্রতিবন্ধকতা থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে দেরি হয়ে যায়।

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে জানিয়ে তিনি বলেন, ক্ষতিগ্রস্তরা নাশকতার সন্দহ করলেও সরাসরি কাউকে দায়ী করেনি।

জেলা পুলিশের সহকারী সুপার (সাতকানিয়া সার্কেল) একেএম এমরান ভূঁইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।