আ. লীগ ও বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি ভাংচুর
বিরোধী জোটের হরতালে শনিবার সিরাজগঞ্জ সদরে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগ সমর্থকরা পাল্টাপাল্টি হামলায় অন্তত ৪০টি বসতবাড়ি ও দোকানপাট ভাংচুর করেছে।
সদর থানার উপ-পরিদর্শক আবু মোহাম্মদ সাদাদ জানান, দুপুরে বিএনপি-জামায়াতকর্মীরা সদর উপজেলার শালুয়াভিটা বাজার, খোকশাবাড়ী ও চর শৈলাবাড়ী এলাকায় ১০টি ব্যবসা প্রতিষ্ঠান ও চারটি বসতবাড়ি ভাংচুর ও লুটপাট করে।
এ ঘটনার পরই আওয়ামী লীগের নেতাকর্মীরা পাশ্ববর্তী টুকরা ছোনগাছা ও ফকিরপাড়া এলাকায় হামলা চালিয়ে অন্তত ২৬টি বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে।
পরে র্যাব, পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে পৌছে অন্তত. ৩০ রাউন্ড টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
