২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে রাজস্ব আদায়ে ঘাটতি

রাজস্ব আদায়ে বেনাপোল শুল্কভবন গত ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ৭১ কোটি টাকা কম আদায় হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2014, 06:57 PM

Updated : 01 Sep 2026, 05:58 PM

এ বন্দরে আমদানি রপ্তানির ট্রাক চলাচলের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেলেও রাজস্ব আদায় কম হওয়ার জন্য শুল্ক কর্মকর্তারা রাজনৈতিক অস্থিতিশীলতার ওপর দায় চাপালেও ব্যবসায়ীদের দাবি দুর্নীতিই কারণ।

বেনাপোল শুল্কভবনের কম্পিউটার (প্রোগ্রামার) শাখার কর্মকর্তা গোলাম কিবরিয়া বলেন, “২০১৩-২০১৪ অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ড বেনাপোল শুল্কভবনের জন্য এক হাজার ১৩৩ কোটি ৯৫ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়।

“কিন্তু এ সময় ৭০ কোটি ৯৬ লাখ টাকা কম রাজস্ব আদায় হয়েছে” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন তিনি।

রাজনৈতিক অস্থিতিশীলতা ও টানা হরতাল-অবরোধের কারণে ২০১৩-১৪ অর্থ বছরের প্রথম ছয় মাসে বেনাপোল স্থলবন্দরে রাজস্ব কম আদায় হয়েছে বলে যুক্তি দেন তিনি।

রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা জুলাইয়ে ছিল ১৮৩ কোটি ১৬ লাখ টাকা, আদায় হয়েছে ২৪০ কোটি ৮০ লাখ টাকা; অগাস্টে ছিল ১৯৩ কোটি ৪৫ লাখ টাকা, আদায় হয়েছে ১৩৬ কোটি ৮৩ লাখ টাকা; সেপ্টেম্বরে ছিল ১৮৩ কোটি ১৬ লাখ টাকা, আদায় হয়েছে ২১৯ কোটি ৩০ লাখ টাকা; অক্টোবরে ১৮৩ কোটি ৩৩ লাখ টাকা, আদায় হয়েছে ১৫৮ কোটি ৫ লাখ টাকা; নভেম্বরে ছিল ১৮৭ কোটি  ৯০লাখ টাকা, আদায় হয়েছে ১৬১ কোটি ৪০ লাখ টাকা  এবং ডিসেম্বরে ছিল ১৮৭ কোটি ৯০ লাখ টাকা আর আদায় হয়েছে ১৪৬ কোটি ৬১ লাখ টাকা।

বেনাপোল শুল্কভবনের সহকারী কমিশনার সাধন কুমার কুন্ডু বলেন, “দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা, টানা হরতাল ও অবরোধের কারণে রাজস্ব আদায় কম হয়েছে।

“ট্রাক ভাড়া বেশি হওয়ার কারণে ব্যবসায়ীরা বন্দর থেকে পণ্য খালাস নিচ্ছে না।তাছাড়া রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে পথে পণ্যবাহী ট্রাকে আগুন ধরিয়ে দিতে পারে এই আশঙ্কায় আমদানিকারকরা বন্দর থেকে পণ্য সরবরাহ নিচ্ছে না।”

তবে ভিন্ন কথা বলছেন বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন।

চলতি অর্থ বছরের শুরু থেকেই বেনাপোল স্থলবন্দরে অনিয়ম দুর্নীতি বেড়ে যায় দাবি করে তিনি বলেন, “শুল্ক ফাঁকির জন্য গড়ে উঠে একটি শক্তিশালী সিন্ডিকেট।

“এ সিন্ডিকেট সদস্যরা কাস্টমস্, বন্দর, বন্দরের নিরাপত্তায় নিয়োজিত আনসার বাহিনী, সিকিউরিটি গার্ডদের মোটা অঙ্কের টাকা দিয়ে ম্যানেজ করে আমদানিকৃত পণ্যের কোটি কোটি টাকার শুল্ক ফাঁকি দিচ্ছে।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “রাজস্ব ফাকি,ঘুষ বাণিজ্য, জালিয়াতি, অনিয়ম দূর্নীতির মাধ্যমে ব্যবসায়ী, বন্দর ও কাস্টমস কর্মকর্তারা রাতারাতি কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন।”

তাদের এসব কর্মকাণ্ডে প্রতিবছর কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার বলে দাবি করেন তিনি।

নাসিরের মতো বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আমিনুল হকও দুর্নীতিকেই রাজস্ব কম আদায়ের কারণ বলে দাবি করেন।