খালেদা-মজীনা দেড় ঘণ্টা বৈঠক
যুক্তরাজ্যের পর এবার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার বাসায় গিয়ে প্রায় দেড় ঘণ্টা বৈঠকে করেছেন।
মঙ্গলবার বিকাল ৩টা ৫ মিনিটে মজীনার গাড়ি পুলিশের ঘেরাওয়ের মধ্যে গুলশানে খালেদার বাড়ির সামনে পৌঁছায় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহমুদ ঘটনাস্থল থেকে জানান।
বিকাল ৪টা ৩৫ মিনিটে বেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে দূতাবাস কর্মকর্তাদের পক্ষ থেকে সাংবাদিকদের একটি লিখিত বিবৃতি দেয়া হয়, যাতে সহিংসতা বন্ধ করে এখনই সংলাপে বসার তাগিদ দেয়া হয়েছে দেশের দুই প্রধান রাজনৈতিক দলকে।
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদও এ বৈঠকে উপস্থিত ছিলেন। মজীনার কিছুক্ষণ পর তারা ওই বাসায় প্রবেশ করেন।
খালেদার বাড়ির সামনে ও গলির মুখে গত শনিবার থেকে পাঁচটি বালির ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ রাখা হলেও মার্কিন রাষ্ট্রদূত আসার পর দুটি ট্রাক সরিয়ে জায়গা করে দেয়া হয়। তিনি ফিরে যাওয়ার পর আবার সেগুলো আগের জায়গায় এনে রাখা হয়।
আগের দিন ব্রিটিশ হাই কমিশনারের সাক্ষাতের সময়ও একই ব্যবস্থা নেয়া হয়েছিল।
বিএনপি ঢাকা অভিযাত্রা ও সমাবেশের ঘোষণা থেকে সরে এসে নতুন কর্মসূচি ঘোষণা করার পর সোমবার রাতে খালেদার বাড়ির সামনের নিরাপত্তা বেষ্টনি কিছুটা শিথিল করা হলেও ট্রাকগুলো সরানো হয়নি।
খালেদার বাসা থেকে বের হওয়ার পর ব্রিটিশ হাই কমিশনার সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে যুক্তরাজ্য দূতাবাসের একজন মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, বড় দিনের ছুটি শেষে ঢাকায় ফিরে রাজনীতির সর্বশেষ হাল-হকিকত জানতেই রাষ্ট্রদূত খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
সোমবারের বৈঠকে বিরোধী দলীয় নেতার সঙ্গে সাবিহ উদ্দিন ও রিয়াজ রহমান ছাড়াও দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ছিলেন।
তিনি ওই বাসা থেকে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ তাকে আটক করে নিয়ে যায়। তবে রাত ১টার দিকে ছেড়ে দেয়া হয়।
