খালেদার সঙ্গে ব্রিটিশ হাই কমিশনারের বৈঠক
বিরোধী দলের কর্মসূচি ঘিরে দেশজুড়ে উদ্বেগ-উৎকণ্ঠা ও পুলিশের ব্যাপক কড়াকড়ির মধ্যেই খালেদা জিয়ার গুলশানের বাসায় এক ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন যুক্তরাজ্যের হাই কমিশনার রবার্ট গিবসন।
খালেদার বাড়িমুখী মিছিলে পুলিশের বাধা
খালেদার বাড়িতে আরো পুলিশ
শমসের মবিন গ্রেপ্তার
সেলিমা হীরা হালিমা ‘মুক্ত’
সংলাপ না হওয়ায় ‘হতাশ’ ব্রিটিশ হাই কমিশনার
সেখানে উপস্থিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক জানান, সোমবার বিকাল ৫টা ২৭ মিনিটে গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদার বাড়ি ফিরোজার পূর্ব পাশের ফটক দিয়ে ভেতরে ঢোকেন ব্রিটিশ দূত।
৬টা ৪২ মিনিটে বেরিয়ে যাওয়ার সময় তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি।
যুক্তরাজ্য দূতাবাসের এক মুখপাত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, বড় দিনের ছুটি শেষে ঢাকায় ফিরে রাজনীতির সর্বশেষ হাল-হকিকত জানতেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন রাষ্ট্রদূত।
গিবসন প্রধান দুই দলের নেতাদের সঙ্গেই দেখা করবেন বলে মুখপাত্র জানান।
ওই বাড়ির সামনে ও গলির মুখে গত দুদিন ধরে পাঁচটি বালির ট্রাক দাঁড় করিয়ে রাস্তা বন্ধ রাখা হলেও ব্রিটিশ হাই কমিশনার আসার সময় একটি ট্রাক সরিয়ে জায়গা করে দেয়া হয়। তিনি ফিরে যাওয়ার পর আবার ট্রাকটি আগের জায়গায় এনে রাখা হয়।
তিনি পৌঁছানোর আধা ঘণ্টা আগে বিএনপি চেয়ারপার্সনের দুই উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন আহমেদ এবং দলের ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী ওই বাসায় প্রবেশ করেন।
শুক্রবার গুলশানের ওই বাসা ঘিরে পুলিশি নিরাপত্তা বাড়ানোর পর এই প্রথম দলের কোনো নেতাকে খালেদার বাসায় ঢুকতে দেয়া হয়।
রিয়াজ রহমান ও সাবিহ উদ্দিন বিকাল ৪টা ৫১ মিনিটে ওই বাড়িতে ঢোকার দশ মিনিটের মাথায় শমসের মবিন চৌধুরীও সেখানে যান।
এর আগে দুপুরে ভাইস চেয়ারম্যান সেলিমা রহমানসহ দলের তিন নারী নেতা দেখা করতে গেলে পুলিশ তাদের সেখান থেকে আটক করে পরে ছেড়ে দেয়।
তবে বিকালে শমসের মবিন বা দুই উপদেষ্টাকে পুলিশ বাধা দেয়নি। তবে বের হওয়ার পথে শমসের মবিনকে গ্রেপ্তার করে পুলিশ।
নির্বাচনকালীন সরকারের ধরন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের বিরোধ চরমে পৌঁছালে যুক্তরাজ্যসহ পিশ্চিমা দেশগুলো সংলাপের মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের ওপর জোর দিয়ে আসছিল। কিন্তু তা না হওয়ায় গত ৯ নভেম্বর এক বিবৃতিতে হতাশা প্রকাশ করেন গিবসন।
ওই বিবৃতিতে তিনি বলেন, “প্রধান দুটি দলের মধ্যে সংলাপের বদলে সংঘাতমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা দেখে আমি হতাশ।”
ব্রিটিশ হাই কমিশনার বলেন, সংলাপের ফলেই ‘সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে’, যা বাংলাদেশের বহু সাধারণ মানুষের চাওয়া।
