২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে সংঘর্ষ, হাতবোমায় পুলিশ আহত

রাজধানীতে খালেদা জিয়ার ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’তে যোগ দিতে না পেরে নোয়াখালীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি-জামায়াত নেতা-কর্মীরা।   

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2013, 05:17 PM

Updated : 01 Sep 2026, 05:57 PM

রোববার বেলা ১১টার দিকে জেলা শহর মাইজদীতে মিছিল বের করে ফায়ার সার্ভিসের গাড়ি ও পণ্যবাহী ট্রাকসহ প্রায় ১০টি যানবাহনে ভাংচুরের পাশাপাশি আগুন দিয়েছে তারা।

পুলিশ সুপার আনিসুর রহমান জানান, সকালে মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হাতবোমা ও গুলি ছুড়ে। এতে বোমার আঘাতে কনস্টেবল প্রীতি চাকমাসহ কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি সামলাতে কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল ছুড়তে হয় পুলিশকে।

এদিকে, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব আলমগীর আলোর অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে বেপরোয়া লাঠিপেটা চালানোর পাশাপাশি গুলি ছুড়েছে পুলিশ। এতে ১৮ দলের অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন, এদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছেন দুই নেতাসহ ১০/১২ জন।

গুলিবিদ্ধরা হলেন- কাদিরহানিফ ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলী আহমদ ও একই ইউনিয়নের যুবদলের যুগ্ম-সম্পাদক সালাউদ্দিন, যুবদলকর্মী মিরাজ, নুর হোসেন, কালাম, জাবেদ, রাশেদ, মনজু ও সুমন।

গ্রেপ্তার এড়াতে আহতদের বিভিন্ন ক্লিনিক ও অষুধের দোকানে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছে বলেও জানান বিএনপি নেতা আলো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে মাইজদীতে ১৮ দলের কর্মীদের মিছিল থেকে পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন ভাংচুর করা হয়।

এক পর্যায়ে তারা যাত্রীবাহী একটি বাস ও একটি পিকআপে আগুন দেয়। আগুন নেভাতে আসা মাইজদী ফায়ার সার্ভিসের একটি গাড়ি ভাংচুর করে মিছিলকারীরা। এরপর তারা পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও গুলি ছোড়ে। পাল্টা গুলি ও কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

কেউ গুলিবিদ্ধ হয়েছেন কি না- জানতে চাইলে সে বিষয়ে কিছু জানেন না বলে উল্লেখ করেন এসপি।

তিনি বলেন, জেলা শহরে অতিরিক্ত পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং ঘটনাস্থল ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ১৫ কর্মীকে আটক করা হয়েছে।

সেখানে আটকাভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন এসপি।

সংঘর্ষ ও ভাংচুরের বিষয়ে বিএনপি নেতা আলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু ঢাকায় আমরা যেতে পারিনি, তাই পুলিশের অনুমতি নিয়েই মিছিল করি। কিন্তু কোনো উস্কানি ছাড়াই পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে আমাদের লোকেরা সেখানে যানবাহনে বাধা দেয়।”