গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪
গাজীপুর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো একজন।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. ইকবাল হোসেন জানান, রোববার সকাল সাড়ে ৮টার দিকে সালনা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এতে অটোরিকশা আরোহী উজ্জ্বল (৩৫), জ্যোৎস্না বেগম, তার ছেলে রাফিজ উদ্দিন (৫) ঘটনাস্থলে নিহত হন।
গাজীপুর সদর হাসপাতালে নেয়া হলে চালক শরীফুল ইসলামেরও (২৫) মৃত্যু হয় বলে নওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই মোহাম্মদ আলতাফ হোসেন জানান।
এছাড়া জ্যোৎস্নার স্বামী হাবিবুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হতাহতদের বাড়ি ময়মনসিংহের বিভিন্ন উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
এসআই ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে গাজীপুর থেকে ময়মনসিংহগামী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা দ্রুতবেগের একটি গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন অটোরিকশা আরোহীর।
লাশ গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
