২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধী আশরাফুজ্জামানকে ফেরত পাঠানোর দাবি প্রবাসীদের

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর নেতা আশরাফুজ্জামান খানের মার্কিন নাগরিকত্ব বাতিল করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 07:32 PM

রোববার স্থানীয় সময় বিকালে নিউ ইয়র্ক সিটির জ্যামাইকায় ‘ইসলামিক সার্কেল অব নর্থ আমেরিকা’ (ইকনা) নামের একটি সংস্থার কার্যালয়ের সামনে বিক্ষোভ-সমাবেশ করে এই দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, আশরাফুজ্জামান খান যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নেয়ার সময় একাত্তরে তার ভূমিকার তথ্য গোপন করেছেন এবং এ অপরাধেই তার নাগরিকত্ব কেড়ে নেয়া যেতে পারে।

একইসঙ্গে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে জামাত-শিবিরের ‘দেশবিরোধী অপতৎপরতা’ রুখে দেয়ার জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানান তারা।  

এ কর্মসূচির অন্যতম উদ্যোক্তা যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সেক্রেটারি শিতাংশু গুহ জানান, আশরাফুজ্জামান ইকনা নামের ওই সংস্থার প্রধান এবং ইকনা মসজিদে ইমামতিও করেন। এখানে আসা বিদেশি মুসলমানদের কাছে যুদ্ধাপরাধীদের স্বরূপ উন্মোচন করতেই এ সংস্থার সামনে বিক্ষোভের আয়োজন। 

‘ডিপোর্ট কনভিক্টেড কিলার আশরাফুজ্জামান/ মেইড ইন পাকিস্তান-টেররিস্ট তালেবান’, ‘বীর বাঙালি অস্ত্র ধর/ রাজাকার খতম কর’, ‘মুজিবের বাংলায়/ রাজাকারের ঠাঁই নেই’, ‘ঘাতক দালাল রাজাকার/এই মুহূর্তে বাংলা ছাড়’, ‘আশরাফুজ্জামান আশরাফুজ্জামান/ ওয়ার ক্রিমিনাল ওয়ার ক্রিমিনাল”- ইত্যাদি শ্লোগান দেয়া হয় সমাবেশে।

মসজিদে আসা বিভিন্ন দেশের প্রবাসী মুসলমানরা এসব শ্লোগান শুনে আশরাফুজ্জামান সম্পর্কে জানতে চান। এ সময় একাত্তরে আশরাফুজ্জামানের ভূমিকা এবং ট্রাইব্যুনালের রায় নিয়ে ইংরেজিতে লেখা লিফলেট বিতরণ করা হয় তাদের মধ্যে।

বঙ্গবন্ধু পরিষদ ছাড়াও যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা সংসদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টার, রিকগনাইজ অব ওয়ার ক্রাইম অব একাত্তর, ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমক্র্যাটিক বাংলাদেশ এবং গণজাগরণ মঞ্চের যুক্তরাষ্ট্রের কর্মীরা এই সমাবেশে অংশ নেন।