২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাদের মোল্লায় যেন থেমে না থাকে’

আদালতের আদেশে দণ্ডিত অন্য যুদ্ধাপরাধীদের সাজা বাস্তবায়নের প্রত্যাশা করছে শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2013, 04:44 PM

Updated : 13 Oct 2022, 03:07 PM

পুরনো খবর:

আনন্দ-বেদনায় স্মরণ শ্রেষ্ঠ সন্তানদের

একাত্তরের নৃশংসতার জন্য প্রথম ব্যক্তি হিসেবে আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের দুই দিন পর শনিবার বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা জানাতে এসে নিজেদের প্রত্যাশার কথা জানান তারা।

শহীদ শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার সাংবাদিকদের বলেন, “কাদের মোল্লার সাজা বাস্তবায়ন হয়েছে। এটি যেন প্রতীকী না হয়। একে একে সব যুদ্ধাপরাধীর সাজা বাস্তবায়ন করা হোক।”

শ্রদ্ধার ফুলের সঙ্গে বিচারের দাবি নিয়ে তাদের মতোই গত চার দশক ধরে যে দিনটি পালন করছিল জাতি, এবার দিনটি ভিন্ন এক মাত্রা নিয়ে এসেছে।

যুদ্ধাপরাধী কাদের মোল্লার সাজা বাস্তবায়নকে ‘যুগান্তকারী’ বলে মন্তব্য করেন শহীদ ডা. আলীম চৌধুরীর মেয়ে নুজহাত চৌধুরী।

“আশা করি, এদেশের বিরোধীতা যারা করেছিল, যারা মানুষ হত্যায় জড়িত, যারা বুদ্ধিজীবীদের হত্যা করেছিল, তাদের সকলেরই বিচার হবে।”

শহীদ মুনীর চৌধুরীর ছেলে আসিফ মুনীরর কণ্ঠেও ছিল একই ধ্বনি।

সেইসঙ্গে তিনি আরো বলেন, “যারা ধ্বংসাত্মক রাজনীতির মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছে, তাদের হাত থেকেও দেশকে রক্ষা করতে হবে।”

শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরকে জাতির ‘কলঙ্ক মোচনের প্রথম ধাপ’ উল্লেখ করে বলেছেন, বিচারের সব রায়ই কার্যকর করা হবে।

মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের পাশাপাশি রায়েরবাজার বধ্যভূমিতে বিভিন্ন শ্রেণি, পেশা আর বয়সের মানুষের  ঢল নামে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রধান আ স ম আব্দুর রব, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

বধ্যভূমি প্রাঙ্গণে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, যাতে একাত্তরের বুদ্ধিজীবী হত্যার বিষয়টি প্রাধান্য পায়।

এছাড়া গেরিলা মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল (বিচ্ছু জালাল) নতুন প্রজন্মের কাছে তার যুদ্ধদিনের কথা তুলে ধরেন।