চট্টগ্রামে হেফাজতের হরতাল ‘স্থগিত’
বৃহত্তর চট্টগ্রামে রোববার ডাকা সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
হেফাজতের কেন্দ্রীয় আমির শাহ আহমদ শফীর নির্দেশে দেশের বিদ্যমান পরিস্থিতিতে এ কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানান তার প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ।
শুক্রবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হেফাজত আমিরের নির্দেশে দেশের বিদ্যমান পরিস্থিতিতে জানমালের নিরাপত্তার দিক বিবেচনা করে রোববারের হরতাল স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।”
পরবর্তী কর্মমসূচি পরে জানানো হবে বলেও জানান তিনি।
১২ ও ১৩ ডিসেম্বর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে মহা সম্মেলন করার অনুমতি না দেয়ার প্রতিবাদে গত বুধবার হরতাল এবং শুক্রবার বিক্ষোভ সমাবেশ কর্মসূচি ঘোষণা করে হেফাজতে ইসলাম।
অবশ্য শুক্রবার সকালে বিক্ষোভ সমাবেশ থেকেও সরে আসে তারা।
