মহাসড়ক কেটে পাবনায় অবরোধের চেষ্টা
যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়ের পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ হয়ে যাওয়ার পর পাবনা-ঢাকা মহাসড়ক কেটে অবরোধের চেষ্টা করেছে জামায়াত-শিবির কর্মীরা।
পাবনা সদর থানার ওসি কাজী হানিফুল ইসলাম জানান, রিভিউ আবেদন খারিজ হয়ে যাওয়ার পর দুপুরে সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় পাবনা-ঢাকা মহাসড়কে কেটে বিছিন্ন করার চেষ্টা করে জামায়াত শিবিরকর্মীরা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেলে তারা পালিয়ে যায়।”
এছাড়া তারা রাস্তার পাশের বড় বড় গাছ কেটে সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। আইন শৃংখলা বাহিনীর সদস্যরা সড়ক থেকে সেগুলো সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করার চেষ্টা করছে।
মহাসড়কে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবির টহল জোরদার করা হয়েছে হয়েছে বলেও তিনি জানান।
এদিকে অবরোধের সমর্থনে শহরে ১৮ দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
অন্যদিকে, পাবনা সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক খোন্দকার প্রিন্সের নেতৃত্বে দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শহরে লাঠি নিয়ে মৌন মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
