২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে হাতবোমা হামলা

চট্টগ্রামে আওয়ামী লীগের অবরোধবিরোধী সমাবেশে হাতবোমা হামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2013, 04:44 PM

Updated : 23 Aug 2022, 07:28 PM

বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে নগরীর আন্দরকিল্লায় ওই হামলায় কেউ আহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। এজন্য ইসলামী ছাত্রশিবিরকর্মীদের দায়ী করেছে ক্ষমতাসীন দলের নেতারা।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাদের মোল্লার ফাঁসির রায় পুর্নবিবেচনার আবেদন খারিজের কিছুক্ষণ পর একদল শিবিরকর্মী এসে তাদের সমাবেশের আশপাশে কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।

নগর পুলিশের কোতোয়ালি বিভাগের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, পালিয়ে যাওয়ার সময় শিবিরকর্মীরা সিরাজদৌল্লা সড়কে একটি অ্যাম্বুল্যান্সে আগুন দেয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিরোধী দলের তৃতীয় দফা অবরোধের ষষ্ঠ দিন চট্টগ্রামে বড় ধরনের সংঘাতের কোনো খবর পাওয়া যায়নি। নগরবাসীর জীবনযাত্রায়ও এর তেমন প্রভাব দেখা যায়নি। নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে।

সকালে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় পাশে অবরোধের সমর্থনে সমাবেশ করেছে বিএনপি নেতাকর্মীরা।

সকাল সোয়া ১০টার দিকে নগরীর চান্দগাঁও এলাকায় র‌্যাব কার্যালয়ের পাশে হাতবোমার বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়নি।

চান্দগাঁও থানার ওসি আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই সময়টিতে সড়কে অফিসগামী মানুষের ভিড় থাকে। সে সুযোগে কিছু যুবক গলি থেকে বেরিয়ে কয়েকটি হাতবোমা ফাটিয়ে চলে যায়।