চট্টগ্রামে গণজাগরণের মিছিল
যুদ্ধাপরাধী জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় আনন্দ মিছিল করেছে চট্টগ্রাম গণজাগরণ মঞ্চ।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে আদালতের সিদ্ধান্ত জানার পর উল্লাসে ফেটে পড়েন গণজাগরণ মঞ্চে সমবেত জনতা।
এরপর নগরীর চেরাগী পাহাড় মোড় থেকে বিজয় মিছিল বের হয়। মিছিলে অংশ নেয়া অনেকের হাতে ছিল জাতীয় পতাকা।
মিছিলটি নগরীর আন্দরকিল্লা, প্রেসক্লাব, বৌদ্ধ মন্দির ও কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবার চেরাগী পাহাড় এলাকায় আসে।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসির রায়টি দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান।
সমাবেশে উদীচী, খেলাঘর, সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, প্রমা, ছাত্র ইউনিয়ন, ছাত্র মৈত্রী, ছাত্র ফ্রণ্টসহ বিভিন্ন সংগঠন সংহতি জানায়।
মানবতা বিরোধী অপরাধের জন্য যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন সাজা হলেও গত ১৭ সেপ্টেম্বর আপিল বিভাগ সাজা বাড়িয়ে ফাঁসির আদেশ দেয়।
এর আড়াই মাসের মাথায় পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে সরকারের পক্ষ থেকে মঙ্গলবার দণ্ড কার্যকরের উদ্যোগ নেয়া হয়। কিন্তু আসামিপক্ষের আবেদনে সুপ্রিম কোর্টের চেম্বার জজ সৈয়দ মাহমুদ হোসেন রাতে এক আকস্মিক আদেশে ফাঁসির প্রক্রিয়া থেমে যায়।
আসামিপক্ষ রায় পুনর্বিবেচনার আবেদন করলে টানা দুইদিন শুনানির পর সে আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। এর ফলে কাদের মোল্লার ফাঁসির রায় বাস্তবায়নে সব ধরনের আইন বাধার অবসান হয়।
