অবরোধকারীর ঢিলে কভার্ডভ্যান চালকের মৃত্যু
ফেনীর মহিপালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবরোধকারীদের ছোড়া ঢিলে এক কভার্ড ভ্যান চালকের মৃত্যু হয়েছে।
নিহত মাহবুবুল আলম (৩০) বরগুনা জেলার আমতল উপজেলার গাজীপুর মোল্লা বাড়ির বেলাল মিয়ার ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল শাহাবুদ্দিন জানান, বুধবার রাত ৩টার দিকে মাহবুবকে হাসপতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“রাত ১১টার দিকে ফেনীর মহিপাল এলকায় পিকেটাররা কভার্ডভ্যান লক্ষ্য করে ঢিল ছুড়লে মাহবুবের মাথায় লাগে।”
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকার দাবিতে তৃতীয় দফায় বৃহস্পতিবার ষষ্ঠ দিনের মতো সারা দেশে অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট।
