২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খিলগাঁওয়ে এক ব্যক্তিকে ‘পিটিয়ে’ হত্যা

রাজধানীর খিলগাঁওয়ে দাম্পত্য কলহের জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2013, 08:17 PM

Updated : 23 Aug 2022, 07:27 PM

নিহত মো. জাহাঙ্গীর আলম (৩৪) খিলগাঁওয়ের নাসিরাবাদ টেকপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর এলিফেন্ট রোডের জেনারেল হাসপাতালে জাহাঙ্গীরের মৃত্যু হয়।

এলাকাবাসীর বরাত দিয়ে খিলগাঁও থানার উপ পরিদর্শক সাজিদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিজের শ্বশুর বাড়িতে স্ত্রী ও দুই শিশুপুত্র নিয়ে থাকতেন জাহাঙ্গীর। কয়েকদিন আগে স্ত্রী বকুলের অন্যত্র প্রেমের সম্পর্ক আছে জানতে পেরে, তার সঙ্গে কথা কাটাকাটি ও ঝগড়া হয়।

মঙ্গলবার এলাকার কয়েক যুবক এই দাম্পত্য কলহের জের ধরে জাহাঙ্গীরকে ব্যাপক মারধর করে।  

রাত ৮টার দিকে আহত জাহাঙ্গীরকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলেও পরে তাকে জেনারেল হাসপাতালে নেয় তার পরিবার।

সেখানে ভোররাতের দিকে তিনি মারা যান।

উপ-পরিদর্শক সাজিদুল জানান, কারা জাহাঙ্গীরকে মারধর করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে জাহাঙ্গীরের স্ত্রী বকুলসহ তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে বলেও জানান তিনি।

এ ঘটনায় জাহাঙ্গীরের বাবা আশাবউদ্দীন বুধবার সকালে খিলগাঁও থানায় মৃতের স্ত্রী বকুল বেগমসহ কয়েকজনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।