২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কল্যাণমূলক কারাগার গড়তে চান মাঈন উদ্দিন

কারাগারকে ‘কল্যাণমূলক’ এবং ‘গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিষ্ঠানে’ পরিণত করতে চান নতুন কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন খন্দকার।

অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Dec 2013, 10:27 AM

Updated : 23 Aug 2022, 07:26 PM

রোববার কারা অধিদপ্তরে গিয়ে দায়িত্ব বুঝে নেয়ার পর তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  বন্দিরা কারাগার থেকে বের হওয়ার পর আবারো অপরাধে জড়াচ্ছে। এই চক্র থেকে বেরিয়ে আসতে হলে কারাগারকে পরিণত করতে হবে সংশোধন কেন্দ্রে।

“পুরানো ধারণাকে পাল্টে আধুনিক মন মানসিকতার সঙ্গে কারাগারকে সম্পৃক্ত করতে চাই।”

রোববার নতুন দায়িত্বে যোগ দেয়ার পরপরই ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন মাঈন উদ্দিন খন্দকার, যিনি এর আগে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (কারা ও মাদক) ছিলেন। 

নতুন দায়িত্বের প্রথম দিন কারাগারের ঊর্ধতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন তিনি।

মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কারাগারে নানা সমস্যা রয়েছে। এছাড়া বন্দি বদলি, হাসপাতালে বন্দি রাখা, বন্দি দেখা, খাদ্য সরবরাহসহ বিভিন্ন জায়গায় দুর্নীতি রয়েছে।”

এক দিনে এতোসব সমস্যার সমাধান সম্ভব নয় মন্তব্য করে তিনি বলেন, “একে একে প্রতিটি জায়গায় হাত দেয়া হবে। পাশাপাশি আমাদের মন মানসিকতা আর সমাজেও পরিবর্তন আনতে হবে।”

কারা মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সবার সহযোগিতাও কামনা করেন মাঈন উদ্দিন।

গত ৫ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাকে কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়। 

চাকরির বিভিন্ন সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ-মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ইতিহাসের ওপর স্নাতকোত্তরধারী মাঈন উদ্দিনের জন্ম ১৯৫৪ সালের ১৩ জানুয়ারি, নরসিংদীর রায়পুরার বাহের চর গ্রামে।

পুরনো খবর:

নতুন কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন