নতুন কারা মহাপরিদর্শক মাঈন উদ্দিন
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (কারা ও মাদক) মাঈন উদ্দিন খন্দকারকে নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়, কারা মহাপরিদর্শক মো. আশরাফুল ইসলাম খানের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ ১৭ নভেম্বর শেষ হওয়ায় পদটি শূন্য হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর অনুমোদন সাপেক্ষে মাঈন উদ্দিনকে নতুন কারা মহাপরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়া মাঈন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার তিনি নতুন কর্মস্থলে যোগ দেবেন।
নতুন এই কারা কর্মকর্তা কর্মজীবন শুর হয় ১৯৭৮ সালে সিলেট ক্যাডেট কলেজে অধ্যাপনা দিয়ে। সাড়ে চার বছর অধ্যাপনা শেষে ১৯৮২ সালে স্পেশাল বিসিএসের মাধ্যমে ম্যাজিস্টেট হন।
চাকরির বিভিন্ন সময় তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়, নৌ-মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কাজ করেছেন।
সংস্থাপন ও শিক্ষা মন্ত্রণালয়ে যুগ্ম-সচিব পদে ছিলেন মাঈন উদ্দিন খন্দকার। পরে পদোন্নতি পেয়ে অতিরিক্ত সচিব হন। স্বাস্থ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি এই পদে ছিলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্য ও ইতিহাসের ওপর স্নাতকোত্তরধারী মাঈন উদ্দিনের জন্ম ১৯৫৪ সালের ১৩ জানুয়ারি, নরসিংদীর রায়পুরার বাহের চর গ্রামে।
