তারেকের খালাসের বিরুদ্ধে দুদকের আপিল
মুদ্রা পাচার মামলায় খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের বেকসুর খালাসের রায়ের বিরুদ্ধে হাই কোর্টে আপিল করেছে দুর্নীতি দমন কমিশন।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়।
ঢাকার তৃতীয় বিশেষ জজ মো. মোতাহার হোসেন গত ১৭ নভেম্বর এ মামলার রায় ঘোষণা করেন।
ফাইল ছবি
আপিল দায়েরের পর খুরশীদ আলম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা আবেদনে নিম্ন আদালতের রায় বাতিল চেয়েছি। হাই কোর্ট আমাদের আবেদন মঞ্জুর করলে তাদের বিবেচনাপ্রসূত যথাযথ শাস্তি দেবেন।”
এই আইনজীবী বলেন, ওই রায়ে ‘অনেকগুলো আইনগত ভুল’ হয়েছে। দুদকের মৌখিক ও দালিলিক সাক্ষ্যকে যথাযথভাবে বিবেচনা না করেই আদালত খালাসের ওই আদেশ দিয়েছে।
তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে আনা অভিযোগ অর্থ পাচারের সংজ্ঞায় পড়ে।
মামলা দায়ের থেকে শুরু করে পুরো বিচার প্রক্রিয়াতেই অনুপস্থিত ছিলেন তারেক। গত পাঁচ বছর ধরে তিনি যুক্তরাজ্যে রয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোও মুদ্রা পাচারের আরেকটি মামলায় কারাদণ্ডাদেশ নিয়ে বিদেশে অবস্থান করছেন।
ঢাকা ক্যান্টনমেন্ট থানায় ২০০৯ সালের ২৬ অক্টোবর দায়ের করা এ মামলায় তারেক-মামুনের বিচার শুরু হয় ২০১১ সালের ৬ জুলাই।
মামলায় অভিযোগ করা হয়, টঙ্গীতে প্রস্তাবিত ৮০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজ নির্মাণ কনস্ট্রাকশনস নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে পাইয়ে দেয়ার আশ্বাস দিয়ে ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা ঘুষ নেন মামুন।
২০০৩ থেকে ২০০৭ সালের মধ্যে বাংলাদেশ থেকে বিভিন্ন পন্থায় ২০ কোটি ৪১ লাখ ২৫ হাজার ৮৪৩ টাকা সিঙ্গাপুরের সিটি ব্যাংকে মামুনের হিসাবে পাচার করা হয়, যার মধ্যে ৩ কোটি ৭৮ লাখ টাকা তারেক খরচ করেন বলে অভিযোগপত্রে বলা হয়।
৩৭ পৃষ্ঠার রায়ে বিচারক বলেন, ওই টাকা খরচ করার কথা তারেক রহমান অস্বীকার করেননি। ২০০৭ সালে দুদকে দাখিল করা তারেকের হিসাব বিবরণীতে তার উল্লেখ রয়ছে। তিনি যে মানি লন্ডারিং আইনে অপরাধ করেছেন তা প্রমাণ হয়নি।
রায়ে বলা হয়, প্রধান সাক্ষী নির্মাণ কনস্ট্রাকশনসের ব্যবস্থাপনা পরিচালক খাদিজা ইসলাম তার জবানবন্দিতে বলেছেন, ঘুষ নয়, ‘কনসালটেন্সি ফি’ হিসাবে মামুনকে তিনি ওই অর্থ দিয়েছিলেন। মামুনও আত্মপক্ষ সমর্থনে দেওয়া বক্তব্যে ওই টাকা নেয়ার কথা স্বীকার করেছেন।
“কিন্তু অর্থ ফি হিসাবে নেয়ার মতো কনসালটেন্সি ফার্ম মামুনের ছিল না। ওই টাকা অনৈতিকভাবে চাপ দিয়ে নেয়া হয়েছে মর্মে প্রমাণিত হয়েছে। চাঁদাবাজির অভিযোগে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়েছিল। এ কারণে ওই টাকা দেশে গ্রহণ করলে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে- এমন আশঙ্কায় বিদেশে টাকা গ্রহণ করা হয়, যা মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ।”
অন্যদিকে তারেক ভয় দেখিয়ে মামুনের মাধ্যমে অর্থ আদায় করেছেন- এ অভিযোগ প্রমাণে রাষ্ট্রপক্ষ ব্যর্থ হয়েছে বলেও রায়ে উল্লেখ করা হয়।
