‘নিরপেক্ষ’ সরকারের দাবি আহমদ শফীর
‘নিরপেক্ষ’ সরকারের দাবি মেনে ‘গ্রহণযোগ্য’ নির্বাচনের পরিবেশ তৈরি করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী।
বুধবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।
বিবৃতিতে শফী বলেন, “কিছুদিন আগে প্রধানমন্ত্রী স্পষ্ট বলেছিলেন, তিনি দেশের শান্তি ও স্থিতিশীলতা চান, প্রধানমন্ত্রীর পদ চান না। প্রধানমন্ত্রীর এই বক্তব্য সর্বমহলে অত্যন্ত প্রশংসিত ও সমাদৃত হয়েছে।
“বর্তমান চরম নিরাপত্তাহীন ক্রান্তিকালীন পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে দেশ ও জাতির স্বার্থে প্রধানমন্ত্রীকে নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করতে আমি জোর অনুরোধ করছি।”
প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে হেফাজতের আমির বলেন, ‘‘রাষ্ট্রের সর্বোচ্চ অধিকর্তা হিসেবে এ বিষয়ে আপনার দায়দায়িত্ব সর্বাধিক। সমগ্র জাতির দৃষ্টি এখন আপনার প্রতিই নিবদ্ধ।
হানাহানি চলতে থাকলে সামাজিক ও অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার পাশাপাশি দেশের স্বাধীনতাও হুমকির মুখে পড়বে বলে শঙ্কা হেফাজত আমিরের।
নিজেদের নানা কর্মসূচিতে হেফাজতের পক্ষ থেকে বরাবরই বলা হয়েছে, তারা কোনো রাজনৈতিক দল নয় এবং ক্ষমতা দখলের কোন ইচ্ছাও তাদের নেই; যদিও তাদের সঙ্গে বিরোধী জোটের ঘনিষ্ঠতার অভিযোগ করে আসছেন আওয়ামী লীগ নেতারা।
