‘লঞ্চ-ফেরি ডোবানোর নির্দেশ দেয়া হচ্ছে’
দেশজুড়ে নাশকতার মধ্যে লঞ্চ ও ফেরি ডুবিয়ে দেয়ারও ‘নির্দেশ দেয়ার তথ্য’ সরকারের কাছে রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার গাজীপুরে কোনাবাড়িতে ‘নাশকতার’ আগুনে পুড়ে যাওয়া স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা কমপ্লেক্স পরিদর্শনের পর তিনি একথা বলেন।
বিরোধী দলের অবরোধে গাড়িতে আগুন এবং ট্রেনলাইন উপড়ে ফেলার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, “লঞ্চ আর ফেরি ডুবিয়ে দেয়ারও নির্দেশ দেয়া হচ্ছে। এই তথ্য আমাদের কাছে আছে। তথ্য-প্রযুক্তির যুগে কিছু লুকিয়ে রাখা যায় না।”
তফসিল প্রত্যাখ্যান করে বিএনপি নেতৃত্বাধীন জোটের দুই দফা অবরোধে সহিংসতায় ৩০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। রাজধানীসহ সারা দেশে গাড়িতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। নাশকতা চলছে রেলপথ ধরেও।
এসব নাশকতায় জড়িতদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “যারা আগুন নিয়ে খেলছে, আমরা যদি সম্মিলিতভাবে দাঁড়াই তাহলে আর কেউ এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে না।”
অবরোধের মধ্যে গত বৃহস্পতিবার মধ্যরাতে মাইকে লোক জড়ো করে কোনাবাড়ির জরুন এলাকায় স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা কমপ্লেক্সের তিনটি ভবন ও দুটি শেডে ভাংচুর করে আগুন দেয়া হয়।
আগুনে একটি ১০ তলা ও দুটি ছয় তলা ভবনের প্রায় সব মালামাল পুড়ে যায়। রপ্তানির জন্য তৈরি পোশাক বোঝাই সাতটি কভার্ড ভ্যানসহ প্রতিষ্ঠানের মোট ৩১টি গাড়িতেও আগুন দেয়া হয়।
নাশকতাকারীদের বিরুদ্ধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “এই এলাকার মানুষ, শ্রমিক-মালিক সকলকে ঐক্যবদ্ধভাবে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”
এই ধরনের নাশকতায় প্ররোচনা দাতাদের সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
একই সঙ্গে তৈরি পোশাক শিল্পের মালিক এবং শ্রমিকদের ছোট ছোট দল করে কারখানা পাহারা দেয়ার পরামর্শ দেন তিনি।
প্রধানমন্ত্রী স্ট্যান্ডার্ড গ্রুপের এই কারখানা পরিদর্শনে দিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোশাররফ হোসেনকে সান্ত্বনা দেন।
“আপা, আমাকে পথে বসিয়ে দিয়েছে,” প্রধানমন্ত্রীকে বলে হু হু করে কেঁদে ফেলেন মোশাররফ হোসেন।
প্রধানমন্ত্রী যখন বক্তব্য দিচ্ছিলেন, তখনো স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানা থেকে পোড়া গন্ধ বের হচ্ছিলো।
প্রধানমন্ত্রীর সামনে এসে আবেগে ভেঙে পড়া মোশাররফ যখন কাঁদছিলেন, তখন উপস্থিত শ্রমিকদের চোখেও ছিল পানি।
মোশাররফ বলেন, “আমি জানি না- কারা, কিভাবে, একাজ করল। আমি গাজীপুরের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চেয়েছিলাম।”
এসময় তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএয়ের সভাপতি আতিকুল ইসলাম প্রধানমন্ত্রীকে বলেন, “এটা আমাদের গর্বের ফ্যাক্টরি ছিল। এখানে নয়টা লিফট ছিল, শ্রমিকদের জন্য হাসপাতাল ছিল। মনের মাধুরী মিশিয়ে এটা ভাঙা হয়েছে।”
ওই কারখানা লাগোয়া মসজিদ দেখিয়ে আতিকুল ইসলাম বলেন, “ওনার (মোশাররফ হোসেন) তৈরি মসজিদ। ওই মসজিদের মাইকে ঘোষণা দেয় নেমে আসতে, রাস্তায় গাছের গুঁড়ি ফেলা হয়েছিল, যেন ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে না পারে।”
পরে প্রধানমন্ত্রী আগুনে সম্পূর্ণ ভস্মীভূত এই কারখানার সামনের মাঠে ওই শ্রমিকদের উদ্দেশে বক্তব্য রাখেন।
মিথ্যা ঘোষণার জন্য মসজিদের মাইক ব্যবহার করতে না দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ভেতরে লাশ পড়ে আছে- এই ঘোষণা দিয়ে পোড়ানো হল!”
ওই ঘটনার সময় যারা মসজিদের দায়িত্বে ছিলেন, তাদেরকেও জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন শেখ হাসিনা।
তিনি বলেন, “পরিকল্পনা করে এই ধ্বংস চালানো হয়েছে। এটা পূর্বপরিকল্পিত ধ্বংসযজ্ঞ।
“যারা এই ধ্বংসযজ্ঞ চালিয়েছে তাদের আমরা ছাড়বো না।তাদের আমরা ছাড়তে পারি না। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।”
প্রধানমন্ত্রী আরো বলেন, “এর উদ্দেশ্যটা কি? বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। অর্থনীতি ধ্বংস করার জন্যই এগুলো করা হচ্ছে।”
বর্তমান সরকারের সময়েই তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ১ হাজার ৬০০ টাকা থেকে দু’দফায় বাড়িয়ে ৫ হাজার ৩০০ টাকা করার কথাও বলেন তিনি।
চলমান রাজনৈতিক সমস্যা সমাধানে বিরোধী দলের সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “কত নমনীয় হওয়া যায়? আমি আপনাদের (ব্যবসায়ী) কথা চিন্তা করে বেশি নমনীয় হয়েছি।
“উনি (খালেদা জিয়া) কিছুই মানলেন না। উনি জ্বালাও-পোড়াও করবেন। মানুষ মারবেন।”
স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার শ্রমিকদের সহায়তার আশ্বাস দিয়ে প্রধানমন্ত্রী বলেন, তিনি এ প্রসঙ্গে অর্থমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গেও কথা বলবেন।
এ সময় এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহমদ ও সাবেক সভাপতি আনিসুল হক, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন বাবলু ও স্থানীয় সাংসদ আ ক ম মোজাম্মেল হোসেন উপস্থিত ছিলেন।
