২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতাকারীদের শাস্তি দাবি ঢাবি শিক্ষকদের

বিরোধী দলের হরতাল ও অবরোধের মতো কর্মসূচিতে সহিংসতা ও নাশকতায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘নীল দলের’ শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাবি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 05:45 PM

Updated : 25 Apr 2022, 07:36 PM

রোববার সরকার সমর্থক বলে পরিচিত এ সংগঠনটি ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’ ব্যানারে অপরাজেয় বাংলার পাদদেশে এক মানববন্ধন থেকে এ দাবি জানায়।

শিক্ষকরা বলেন, বর্তমানে রাজনৈতিক হানাহানির লক্ষ্যবস্তু সাধারণ মানুষ। আন্দোলনের নামে জনগণের বিরুদ্ধে অঘোষিত ‍যুদ্ধ চলছে। প্রতিদিন অবরোধের বলি হচ্ছে নিরীহ শ্রমজীবী মানুষ।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, গত কয়েকদিনে বোমার আঘাতে বা অগ্নিদগ্ধ হয়ে নিরপরাধ ও শান্তিপ্রিয় মানুষ যে নিষ্ঠুর ও নির্মম মৃত্যুর শিকার হয়েছে তা কোন রাজনৈতিক কর্মকাণ্ড হতে পারে না।

তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে এবং সন্ত্রাসীদের শাস্তির জন্য বিদ্যমান আইনেই এসব ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তির আওতায় আনতে হবে।

বিএনপি জামায়াতের বর্তমান রাজনীতিকে অপরাজনীতি আখ্যায়িত করে ইতিহাস বিভাগের অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী বলেন, আপনারা অপরাজনীতির অপ্রক্রিয়া থেকে সরে এসে রাজনৈতিক প্রক্রিয়ায় আন্দোলন করুন, আমরা আপনাদের সাধুবাদ জানাবো।

‘শুধু গাড়ি ভাঙচুর করলে হবে না, রাস্তায় নামতে হবে’- বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে অধ্যাপক অহিদুজ্জামান বলেন, সকলের দলের যেমন নির্বাচনে অংশগ্রহণের অধিকরা রয়েছে, তেমনি অংশ না নেয়ারও অধিকার রয়েছে। কিন্তু জনগণের জানমালের ক্ষতি করার অধিকার আপনাদের কেউ দেয়নি।

নীল দলের আহ্বায়ক অধ্যাপক এম এ আজিজের সভাপতিত্বে টেলিভিশন চলচ্চিত্র অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান শফিউল আলম ভূঁইয়ার সঞ্চালনায় মানববন্ধনে অন্যদের মধ্যে ঢাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, অধ্যাপক অজিজুর রহমান, সহযোগী অধ্যাপক মফিজুর রহমান, অধ্যাপক সবিতা রিজওয়ানা চৌধুরী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।