২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাপা কার্যালয় ও প্রার্থীর বাড়িতে হামলা

কুড়িগ্রামে রোববার জাতীয় পার্টির এক সংসদ সদস্য পদপ্রার্থীকে লাঞ্ছিত এবং জেলা জাপা কার্যালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে বিএনপিকর্মীরা। এছাড়া সিলেটে দুই প্রার্থীর বাড়িতে বোমা হামলা হয়েছে।

সিলেট প্রতিনিধি

কুড়িগ্রাম/

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2013, 05:15 PM

Updated : 13 Oct 2022, 03:05 PM

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদের মুক্তির দাবিতে কুড়িগ্রামে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে একটি মিছিল থেকে জাতীয় পার্টির জেলা কার্যালয়ে এই হামলা চালানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতালের সমর্থনে একটি মিছিল বের করে বিএনপি। এ সময় কালিবাড়ি রোডে মিছিলের পাশ দিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন জাতীয় পার্টির প্রার্থী তাজুল ইসলাম চৌধুরী  ও মোটরসাইকেল চালক আজিজুল হক সন্ডে। এ সময় বিএনপিকর্মীরা মোটরসাইকেলটি ভাংচুর এবং সন্ডেকে মারধর ও তাজুল ইসলামকে লাঞ্ছিত করে।

এরপর বিএনপির মিছিলটি সবুজ পাড়ায় জেলা জাতীয় পার্টির কার্যালয়ের হামলা চালিয়ে ভাংচুর-অগ্নিসংযোগ করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কুড়িগ্রাম সদর থানার ওসি আব্দুল বাতেন বলেন, জাতীয় পার্টি কার্যালয়ে হামলা-ভাংচুরের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত করে এদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

এরা হলেন- নতুন (২৫), সজীব (২৫) ও ষষ্ঠী (৪০)। তিনজনই বিএনপিকর্মী বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিএনপির মিছিল থেকে হামলা ও পার্টি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিলেট প্রতিনিধি জানান, সিলেটে জাতীয় পার্টির দুই সংসদ সদস্য প্রার্থীর বাসায় হাতবোমা হামলা করেছে দুর্বৃত্তরা।

রোববার হামলা হয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাব্বির আহমদের বাসা এবং পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা বাবরুল হোসেন বাবুলের বাসায়।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আব্দুল্লাহ জেদান জানান, সকাল সাড়ে ১১টায় ৫-৬ জন মুখোশধারী দুর্বৃত্ত নগরীর উপশহরে সাব্বির আহমদের বাসা লক্ষ্য করে ৪/৫টি  পেট্রোল বোমা ছুড়ে পালিয়ে যায়।

এতে তার বাসার সামনে থাকা পাজারো জিপসহ বাসার দরজা জানালায় আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি।

এ সময় সাব্বির আহমদ বাসাতেই অবস্থান করছিলেন। সাব্বির সিলেট-৫ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী।

পুলিশ কর্মকর্তা আরো জানান, দুপুর ১২টার দিকে একই কায়দায় দুর্বৃত্তরা সদর উপজেলার বটেশ্বর এলাকায় সিলেট-১ আসনের জাপার সংসদ সদস্য প্রার্থী বাবরুল হোসেন বাবুলের বাসায় কয়েকটি হাতবোমা নিক্ষেপ করে। এতে তার বাসার দরজা-জানালার গ্লাস ভেঙে গেছে।

খবর পেয়ে র‌্যাব-পুলিশ-বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়।

পুলিশ কর্মকর্তা জেদান বলেন, কারা হামলা চালিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

হামলার আলামত সংগ্রহ করে পুলিশ তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।