২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন

রাজনৈতিক কর্মসূচির নামে পুড়িয়ে মানুষ হত্যা ও নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে মানববন্ধন ও সমাবেশ করেছে একটি সংগঠন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 05:42 PM

Updated : 23 Aug 2022, 07:22 PM

শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে ‘জেগে ওঠো বাংলাদেশ’ নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে রাজনৈতিক কর্মসূচির নামে যে সহিংশতা ও নৃশংসতা হচ্ছে তা মূলত পরিকল্পিত নাশকতা।

“বাংলাদেশকে অকার্যকর-জঙ্গি রাষ্ট্রে পরিণত করতেই ককটেল নিক্ষেপ করে, গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে।”

ইফতেখার বলেন, দলগুলো রাজনৈতিক কর্মসূচির নামে যা করছে তা কোনো ধরণের রাজনৈতিক কর্মসূচিই নয়। দেশের সাধারণ জনগণ জিম্মি ও আতঙ্কিত হয়ে পড়েছেন। এটা মেনে নেয়া যায় না।

সমাবেশে বক্তারা বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে চট্টগ্রামসহ সারাদেশে যাত্রীবাহী বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করা হচ্ছে। ট্রেনে নাশকতা করা হচ্ছে।

“এ ধরনের অমানবিক-নৃশংস ও বর্বর রাজনৈতিক কর্মসূচির পৃথিবীর কোনো দেশে নেই। দেশের জনগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। রাজনৈতিক দলগুলোর উচিত অনেক বেশি সহনশীল হওয়া।”

সমাবেশ থেকে দেশের সচেতন নাগরিক ও পেশাজীবীদের ঐক্যবদ্ধভাবে এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানানো হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রী নূরজাহান খান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, কবি কামরুল হাসান বাদল, সাংবাদিক হাসান ফেরদৌস, আবৃতি শিল্পী রাশেদ হাসান, গণজাগারণ মঞ্চ চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল ও চৌধুরী ফরিদ, উদীচী চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক সুনীল ধর, কাউন্সিলর রেহানা কবির রানু ও গিয়াস উদ্দিন।

সমাবেশে সংহতি প্রকাশ করে উদীচী, প্রমা, ছাত্র ফ্রণ্ট, সাম্প্রদায়িকতাবিরোধী তরুণ উদ্যোগ ও জনউদ্যোগ।