২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে অবরোধকারীদের হামলায় পুলিশ আহত

বিরোধী জোটের টানা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিন চাঁদপুরে ঢিলে আহত হয়েছেন দায়িত্ব পালনরত এক পুলিশ কর্মকর্তা।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 10:15 AM

Updated : 13 Oct 2022, 03:05 PM

শনিবার সকাল ৭টার দিকে শহরের মঠখোলা এলাকার এ ঘটনায় আহত এসআই মো. রফিকুল ইসলামকে (৫৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর সাংবাদিকদের বলেন, ইটের আঘাতে রফিকুল মুখের বিভিন্ন অংশ ছাড়াও চোখে আঘাত পেয়েছেন।

আহত এসআই চাঁদপুর পুলিশ লাইনে কর্মরত।

নির্দলীয় সরকারের দাবিতে ৭১ ঘণ্টা অবরোধের পর শনিবার সকাল থেকে একই কর্মসূচি পালন করছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল।

অবরোধের প্রথম দিনে সকাল পৌনে ১০টার দিকে শহরের আক্কাছ আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রেললাইনে এবং এর আগে সকাল পৌনে ৯টার দিকে মিশন রোড এলাকায় রেললাইনে আগুন দেয় অবরোধকারীরা। পরে পুলিশ এসে আগুন নিভিয়ে ফেলে।

আহত রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের গাড়িতে বসে ছিলেন তিনি। এ সময় গাড়ি লক্ষ্য করে ইট ছোড়ে। এতে গাড়ির সামনের কাঁচ ভেঙে যায় এবং আহত হন তিনি।

পুলিশ সুপার বলেন, নাশকতার চেষ্টা চালানোর সময় শহরের বিভিন্ন স্থান থেকে তিনজনকে আটক করা হয়েছে।