২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

মাগুরায় একটি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন, আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2013, 09:18 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

সদর থানার ওসি আ. হাসেম জানান, সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের মালিকগ্রামে শুক্রবার সন্ধ্যায় হওয়া এ সংঘর্ষে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন ফরিদ হোসেন (২২) ও আবু নইম মোল্লা (৩৫)।

সংঘর্ষে আহত ফরিদ রাত ১১টার দিকে মাগুরা সদর হাসপাতালে মারা যান। শনিবার সকালে ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয় দোকান কর্মচারী নইম মোল্লার।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মীর রুবেল বলেন, “ফরিদ জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। চলতি বছর মাগুরা সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেন তিনি।”

ওসি আ. হাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় ওসমান মণ্ডল ও ওহিদ মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত দুজনই ওসমানের সমর্থক। দুপক্ষের মধ্যে এর আগেও কয়েকবার সংঘর্ষ হয়েছে।

স্থানীয় রাজীব হোসেনের বরাত দিয়ে পুলিশ জানায়, এর আগে দুই পক্ষের সংঘর্ষে গত ১০ নভেম্বর নিহত হয় বন্যা (১০) নামে এক শিশু। এর জেরেই শুক্রবার সন্ধ্যায় আবারো শুরু হয় সংঘর্ষ।

আহত ১৫ জনের মধ্যে আটজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংঘর্ষের ঘটনায় ভোর ৩টার দিকে শহরের পিটিআই পাড়ার বাসা থেকে আটক করা হয়েছে চাউলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলামকে।

ওসি জানান, রেজাউল বিএনপির সহযোগী সংগঠন জেলা যুবদলের সাবেক সভাপতি।

এদিকে শনিবার ভোর থেকে এলাকায় আবারো ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রতিপক্ষরা কমপক্ষে ২০টি বাড়ি ও মালিকগ্রাম বোর্ড অফিসের সামনের বাজারে ১০টি দোকানে ভাংচুর ও ব্যাপক লুটপাট চালায়।  

সদর থানার উপ পরিদর্শক (এসআই) জিকারুল ইসলাম জানান,  পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। নতুন করে সংঘাত এড়াতে পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।