জীবন রক্ষার পুরস্কার পেলেন কৃষক তাজুল
বিরোধীদলের অবরোধের মধ্যে দুর্ঘটনার হাত থেকে পাঁচ শতাধিক রেলযাত্রীকে রক্ষার জন্য এক লাখ টাকা পুরস্কার পেয়েছেন কৃষক তাজুল ইসলাম।
শুক্রবার বিকেলে রেলভবনে নগদ এ পুরস্কার তার হাতে তুলে দেন রেল মন্ত্রী মুজিবুল হক।
কৃষক তাজুল ইসলাম গত বুধবার ভোরে চাদপুর থেকে চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেসকে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করেন।
১৮ দলের অবরোধের দ্বিতীয় দিন বুধবার ভোরে ফজরের নামাজ পড়তে যাচ্ছিলেন তাজুল। এ সময় চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক ও মেহের স্টেশন এলাকায় স্লিপার উপড়ানো দেখতে পান তিনি।
ভোরে এ পথে ট্রেন যায় জানা থাকায় বিপদের আশঙ্কায় তাৎক্ষণিকভাবে লাল কাপড় দেখিয়ে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি থামিয়ে দেন তিনি।
তাজুলের মতো একইভাবে খুলনা থেকে সৈয়দপুর গামী ‘সীমান্ত এক্সপ্রেস’কে দুর্ঘটনার হাত থেকে রক্ষা করায় রেল কর্মচারী আশরাফুল ইসলামকেও নগদ পঞ্চাশ হাজার টাকা তুলে দেন রেলমন্ত্রী ।
নাশকতায় জয়পুরহাট স্টেশনের অদূরে রেল লাইন তুলে ফেললে আশরাফুল লাল কাপড় উড়িয়ে সীমান্ত এক্সপ্রেসের চারশ যাত্রীকে রক্ষা করেন বলে জানান মন্ত্রী।
মন্ত্রী বলেন, তিন দিনের নাশকতায় ৮০টি স্থানে রেলকে আক্রমণ করা হয়েছিল। তবে তার বেশির ভাগই ছিল প্রথম দিন।
রেল যোগাযোগ স্বাভাবিক রাখা , নাশকতা বন্ধকরা এবং জাতীয় সম্পদ রক্ষায় ‘রেল নিরাপত্তা সমন্বয় ও বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, “কমিটি সঠিকভাবে কাজ করায় শেষ দিনে নাশকতা শূন্যের কোটায় নেমে এসেছিল।”
ভবিষ্যতে নাশকতার ঘটনা এড়াতে সারাদেশের ৬৩২টি পয়েন্টে ৩৭৯২ জন অতিরিক্ত আনসার নিয়োগ করা হয়েছে ।”
বিরোধী জোটকে নাশকতা না করে নির্বাচনে অংশ নেয়ারও আহ্বান জানান নির্বাচনকালীন সরকারের এই মন্ত্রী।
সারাদেশে মোট দুই হাজার ৮৩৫ কিলোমিটার জুড়ে রেলপথ রয়েছে।
