রাজধানীতে গাড়িতে আগুন-ভাংচুর
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে বিরোধী দলের অবরোধের তৃতীয় দিনে রাজধানীর বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপপাতলের সামনে মৈত্রী পরিবহনের একটি বাসে আগুন দেয় অবরোধকারীরা। আগুন দেয়ার চেষ্টা হয় একটি লেগুনাতেও।
পরে পুলিশ এসে ফাঁকা গুলি ছুড়ে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
এর কিছুক্ষণ পর মতিঝিলে শিল্প ব্যাংকের সামনেও একটি বাসে আগুন দেয়া হয়। তবে স্থানীয়রাই তা নিভিয়ে ফেলেন বলে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রন কক্ষের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন জানান।
বেলা ১২টার দিকে নিউমার্কেট এলাকায় টিচার্স ট্রেনিং কলেজের সামনে একটি বাস জ্বলতে দেখা যায়। এ সময় যাত্রীদের হুড়োহুড়ি করে বাস থেকে নেমে যেতে দেখা যায়।
পরে অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে সকাল ৯টার দিকে রায়েরবাগ এলাকাতেও বয়েকটি গাড়ি ভাংচুর ও একটি অটোরিকশায় আগুন দেয়ার খবর পাওয়া যায়। তবে পুলিশ বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে মঙ্গল ও বুধবার ৪৮ ঘণ্টার এই অবরোধ ডাকা হলেও বুধাবার বিএনপির পক্ষ থেকে জানানো হয়, অবরোধ চলবে শুক্রবার সকাল ৫টা পর্যন্ত।
মঙ্গলবার সকালে অবরোধ শুরুর পর থেকেই রাজধানীর সায়দাবাদ, মহাখালী ও গাবতলী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। পোস্তগোলা ও বাবুবাজার ব্রিজ দিয়েও কোনো বাস যাওয়া আসা করছে না।
তবে বৃহস্পতিবার রাজধানীতে বাস ও অন্যান্য গণপরিবহনের সংখ্যা অবরোধের প্রথম দুই দিনের তুলনায় বেশি দেখা গেছে।
যাত্রী কম থাকায় সদরঘাট থেকে স্বাভাবিকের তুলনায় কিছু কম লঞ্চ ছাড়ছে।
বিআইডিব্লিউটিসির টিআই মো. সোলায়মান জানান, দেশের দক্ষিণাঞ্চল থেকে বুধবার ছেড়ে আসা ৩৮টি লঞ্চ বৃহস্পতিবার ভোরে ঢাকার সদরঘাটে ভেড়ে। আর ১১টা পর্যন্ত ছেড়ে যায় পাঁচটি লঞ্চ।
ডেমরা পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মিনহাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দূর পাল্লার বাস বন্ধ থাকলেও বৃহস্পতিবার ভোরে ঢাকার অাশপাশের কিছু গন্তব্যে বাস গেছে। দুপুরের পর থেকে রাস্তায় যানবাহন আরো বাড়বে বলে মনে করছেন তিনি।”
