২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীরা পেলেন না, চন্দনের লাশ গবেষণায়

দুই ধর্মের দুই স্ত্রীর দাবির মুখে সৎকার জটিলতায় প্রায় চার বছর মর্গে পড়ে থাকার পর আদালতের রায় অনুযায়ী চন্দন চক্রবর্তীর লাশ গবেষণায় ব্যবহারের জন্য ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2013, 11:26 AM

Updated : 23 Aug 2022, 07:22 PM

কলেজের ফরেনসিক বিভাগের অধ্যাপক সোহেল হায়দার টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,আদালতের নির্দেশ পাওয়ার পর বুধবার চন্দন চক্রর্বতীর মরদেহ গবেষণার জন্য  অ্যানাটমি বিভাগে হস্তান্তর করা হয়েছে।

প্রায় চার বছর আগে চন্দনের মৃত্যুর পর দুই ধর্মের দুই স্ত্রীর দাবির কারণে লাশের সৎকার কিভাবে হবে সেই সিদ্ধান্ত পেতে ঢাকার বিভিন্ন আদালতে শুনানি চলে।

গত ১৯ নভেম্বর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. সহিদুল ইসলাম চন্দনের লাশকে ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের নির্দেশ দেন।  এর আগে একজন অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমও একই আদেশ দিয়েছিলেন।

২০০৯ সালের ২৫ ডিসেম্বর রাত সাড়ে ১১টার দিকে খিলগাঁও বিশ্বরোডের শমসের টাওয়ার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন চন্দন কুমার চক্রর্বতী। তিনি খিলগাঁও আইডিয়াল সিটি কলেজের উপাধ্যক্ষ ছিলেন।

পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের র্মগে পাঠায়। এর পরপরই লাশের হস্তান্তর ও সৎকার নিয়ে জটিলতা দেখা দেয়।

স্ত্রী তিথী চক্রবর্তী সৎকারের জন্য লাশ চাইলেও নিজেকে  দ্বিতীয় স্ত্রী দাবি করে আকলিমা আক্তার পলি নামে অন্য একজন দাবি করেন,চন্দন ইসলাম ধর্ম গ্রহণ করে তাকে বিয়ে করেছিলেন।

বিভ্রাট দেখা দেওয়ায় বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়।

ঘটনায় জানা যায়,চন্দনের স্ত্রী তিথী কলকাতার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে এমফিল করছেন। স্বামীর মৃত্যুর খবর পেয়ে দেশে ফেরেন তিনি।

তিথী এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন, ২০০৯ সালের ২৬ ডিসেম্বর রাত সাড়ে ৩টায় পলি নিজেকে চন্দনের ছাত্রী পরিচয় দিয়ে মোবাইল ফোনে আমাকে জানায়,চন্দন স্যার অ্যাক্সিডেন্টে মারা গেছেন। খবর শুনেই দেশে ফিরি আমি।"

দাবিদার দুইজন হওয়ায় পুলিশ কাউকেই লাশ হস্তান্তর করেনি। ফলে লাশ পড়ে থাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।

তিথী আইনজীবীর মাধ্যমে ২০০৯ সালের  ২৭ ডিসেম্বর ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বামীর লাশ পাওয়ার আবেদন করেন।

তিথীর দাবি ছিল,১৯৮৬ সালের ১২ জুলাই তাদের বিয়ে হয়।  চন্দনের ধর্মান্তরিত হওয়া ও দ্বিতীয় বিয়ের ঘটনা সাজানো।

পলির দাবি, শিক্ষক চন্দন তাকে ভালবেসে ধর্মান্তরিত হয়ে সাজ্জাদ হোসেন নাম নিয়ে তাকে বিয়ে করেন। তাই লাশ দাফনের অধিকার তার।

এর পর চন্দনের লাশ হস্তান্তর ও সৎকারের মীমাংসায় পার হয় প্রায় চার বছর।