২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৭ জনের মনোনয়নপত্র সংগ্রহ

দ্বিতীয় দিনে চট্টগ্রামের বিভিন্ন আসন থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহী ১৭ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2013, 09:41 PM

Updated : 23 Aug 2022, 07:21 PM

বুধবার মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- সাংসদ নুরুল ইসলাম বিএসসি, এম এ লতিফ, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও ফজলে করিম চৌধুরী, মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম।

জেলা নির্বাচন কার্যালয় থেকে এসব তথ্য পাওয়া গেছে।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাংসদ নুরুল ইসলাম বিএসসি।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি জহিরুল আলম দোভাষও একই আসনে মনোয়ানপত্র নিয়েছেন।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। এই আসনে মঙ্গলবার মনোয়নপত্র নেন জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদল।

নগর আওয়ামী লীগের নতুন কমিটির সদস্য ও সাংসদ এম এ লতিফ চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন।

চট্টগ্রাম- ১৩ (আনোয়ারা) আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সাংসদ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৫ আসনে।   

চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গত নির্বাচনে পরাজিত প্রার্থী এটিএম পেয়ারুল ইসলাম ও মালয়শিয়া আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদ হাসান।

আওয়ামী লীগ নেতা সাংসদ ফজলে করিম চৌধুরী মনোনয়নপত্র নিয়েছেন চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য।

জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার জেলা নির্বাচন কার্যালয় ও রির্টানিং কর্মকর্তার কার্যালয় থেকে বেশকিছু ব্যক্তি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।