বগুড়ায় নির্বাচন অফিসে অগ্নিসংযোগ, ৫ পুলিশ বরখাস্ত
বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উপশহর ফাঁড়ির পাঁচ পুলিশকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বগুড়ার সহকারী পুলিশ সুপার (মিডিয়া) গাজীউর রহমান জানান, ওই ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে ফাঁড়ি ইনচার্জ হারুন আর রশিদসহ পাঁচজনকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এছাড়া ওই ঘটনায় অজ্ঞাত পরিচয় ৭/৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
সদর থানার ওসি ফয়জুর রহমান জানান, নির্বাচন অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় উপজেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমান বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলাটি দায়ের করেছেন।
তফসিল প্রত্যখান করে বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথম দিন মঙ্গলবার বগুড়া সদর উপজেলা নির্বাচন অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
