লালমনিরহাটে রেলস্টেশনে ভাংচুর
অবরোধের প্রথমদিন সকালে লালমনিরহাটের একটি রেলস্টেশনে ভাংচুর করেছে বিরোধী দলের নেতাকর্মীরা। এরপর সেখানে সব ধরনের রেল চলাচল বন্ধ হয়ে গেছে।
এতে জেলা সদরের তিস্তা রেলওয়ে স্টেশনে একটি লোকাল ট্রেন আটকা পড়েছে।
সদর থানার এএসআই বাবলু মিয়া জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের মহেন্দ্রনগর রেল স্টেশনে হামলা করে ভাংচুর চালায় বিএনপি-জামায়াতের কর্মীরা।
এ সময় বাধা দিতে গেলে পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
স্টেশন মাস্টার তপন কুমার দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে অবরোধকারীরা স্টেশনে এসে দরজা-জানালা ভাংচুর করে এবং স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ধাওয়া করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের ধাওয়া খেয়ে অবরোধকারীরা লালমনিরহাট স্টেশন থেকে আনুমানিক ২০০ গজ দূরে গিয়ে লাইনে অবস্থান নেয়।
অবরোধকারীরা লাইনে অবস্থান নেয়ায় সকাল ৭টা থেকে সদরের তিস্তা রেলওয়ে স্টেশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা একটি লোকাল ট্রেন আটকে আছে বলে জানান স্টেশন মাস্টার মাহাবুবুর।
জেলা রেলওয়ের চিফ কন্ট্রোলার মো. শহীদুল্লাহ জানান, লালমনিরহাট স্টেশন থেকে সকালে কোনো ট্রেন ছেড়ে যায়নি।
অন্যদিকে লালমনিরহাট-বুড়িমারী রুটের ‘বাউরা স্টেশনের’ পাশে রেল লাইনে গাছ ফেলে রাখায় বুড়িমারী থেকে পার্বতীপুরগামী আরেকটি ট্রেন পাটগ্রাম স্টেশনে দুই ঘণ্টা আটকে থাকে। পরে রেল কর্তৃপক্ষ গাছ সরালে সকাল ৮টার দিকে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।
এদিকে জেলা সদরসহ বিভিন্ন এলাকায় সকালে অবরোধের সমর্থনে মিছিল করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের নেতা-কর্মীরা।
