প্রথম বৈঠকে বসছে নির্বাচনকালীন মন্ত্রিসভা
নির্বাচনকালীন সরকারের মন্ত্রিসভা প্রথম বৈঠকে বসছে সোমবার।
আগের মন্ত্রিসভার ৩০ সদস্যকে বাদ দিয়ে নতুন আটজনের শপথের পর এটাই পুনর্গঠিত এই মন্ত্রিসভার প্রথম বৈঠক।
পিআইডির উপ-প্রধান তথ্য কর্মকর্তা এ এফ এম আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, সোমবার সকাল সাড়ে ১১টায় ওই বৈঠক শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নির্বাচনকালীন এই মন্ত্রিসভায় জাতীয় পার্টির তিন নেতা, আওয়ামী লীগের দুই নেতা এবং ওয়ার্কার্স পার্টির সভাপতি মন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন। সেইসঙ্গে প্রতিমন্ত্রী হিসেবে যোগ দিয়েছেন জাতীয় পার্টির দুজন।
নতুন এই আট মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ বৃহস্পতিবার দপ্তর পাওয়ার পর রোববারই প্রথম সচিবালয়ে কর্মস্থলে যোগ দিয়েছেন।
প্রথম দিনে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন তারা, কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গেও।
তারা সবাই বলেছেন, নিয়মিত কাজের পাশাপাশি নির্বাচন অনুষ্ঠানটি হবে তাদের জন্য চ্যালেঞ্জ এবং তা করতে নির্বাচন কমিশনকে সহায়তা দিয়ে যাবেন তারা।
পূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রবীণ আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেন, “দেশের মানুষকে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি এটাই অঙ্গীকার।”
তিনি আশা করছেন, বিএনপি নির্বাচনে আসবে।
তার সঙ্গে শপথ নিয়ে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু বলেন, বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়ে সরকারের ‘সর্বোচ্চ উদ্যোগ’ থাকবে। তবে বিএনপি না এলেও নির্বাচন হবে।
নির্বাচন সফল করতে গেলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ দরকার মন্তব্য করে তিনি বলেন, “আমাদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”
স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী জাতীয় পার্টির রওশন এরশাদ বলেন, “দেশের ক্রান্তিলগ্নে অনেক কিছুই করতে হচ্ছে। দেশে যে অবস্থা বিরাজ করছে তা চিন্তা করেই আমাদের কাজ করতে হবে।”
টেলিযোগাযোগমন্ত্রীর দায়িত্ব পাওয়া রাশেদ খান মেনন বলেন, আগামী নির্বাচন করাই তাদের জন্য চ্যালেঞ্জ।
এদিকে দপ্তর পুনর্বণ্টনে যেসব মন্ত্রী নতুন মন্ত্রণালয় পেয়েছেন, তারাও রোববার প্রথম নতুন কর্মস্থলে যোগ দেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু তার নতুন দায়িত্বস্থলে গেলে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।
নতুন করে ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া রেলমন্ত্রী মুজিবুল হকও নতুন কার্যালয়ে যোগ দিয়ে বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা কাজ করব। নিয়ম অনুসারে, বিধি ও নীতিমালা অনুযায়ী যা করার দরকার আমরা তাই করব।”
