২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি না এলেও নির্বাচন হবে: আমু

নির্বাচনে কারা অংশ নিল সেটা নয়, কতো শতাংশ ভোট পড়ল সেটাই বিবেচ্য বলে মনে করছেন ভূমি এবং দূরোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 12:56 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শপথের পর প্রথম নিজের দপ্তরে এসে রোববার সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

সকাল সোয়া ১০টায় সাদা পাজামা-পাঞ্জাবীর সঙ্গে ছাই রঙের মুজিব কোট পরে ভূমি মন্ত্রণালয়ে আসেন আমু।

মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিত হওয়ার পর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমু বলেন, ‍বিরোধী দলের সঙ্গে সংলাপের বিষয়ে সরকারের ‘সর্বোচ্চ উদ্যোগ’ থাকবে। তবে বিএনপি না এলেও নির্বাচন হবে।

“আওয়ামী লীগও তো নির্বাচনে না যেতে পারে। তাহলে কি নির্বাচন হবে না? কেউ যদি মনে করে নির্বাচনে পরাজিত হবে তাই নির্বাচনে যাব না- তাহলে কি নির্বাচন হবে না?”         

গত পাঁচ বছর মন্ত্রিসভার বাইরে থাকা এই প্রবীণ নেতা বলেন, “নির্বাচনে জনগণের টার্নআউট কতটুকু, কতোজন ভোট দিলেন সেটাই বিবেচ্য বিষয় হওয়া উচিত।”

নির্বাচনকালীন সরকারে দায়িত্বগ্রহণ প্রসঙ্গে আমু কর্মকর্তাদের বলেন, নির্বাচনের আগে ‘খুব অল্প’ সময় রয়েছে। এর মধ্যে নির্বাচনী কাজে এলাকায় যেতে হবে। তবে মন্ত্রণালয়ের রুটিন কাজও সারতে হবে।

কোন কাজটি আগে করতে হবে তা কর্মকর্তাদেরই ঠিক করে দেয়ার আহ্বান জানান নতুন মন্ত্রী। পাশাপাশি ‘বিবেক-বিবেচনা দিয়ে’ অবস্থান পর্বেক্ষণ করে যে কোনো সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন তিনি।

আগের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের কাজের প্রশংসা করে আমু বলেন, “তাদের পরামর্শ নিয়েই কাজ করব।”

তফসিল ঘোষণার পর দেশকে অচল করে দেয়া হবে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে হুমকি দিয়েছেন তারও সমালোচনা করেন এই আওয়ামী লীগ নেতা। তিনি বলেন, এটা ‘গণতান্ত্রিক ভাষা’ নয়।

“মানুষ আশা করেছিল উনারা (বিএনপি) বলবেন যে তারা প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নির্বাচনে অংশ নেবেন। তার (ফখরুল) ভাষা মানুষ গ্রহণ করে বলে আমি মনে করি না।”

বিরোধী দল আন্দোলনের নামে মানুষ হত্যা করছে- এমন মন্তব্য করে  আমু বলেন, “এই আন্দোলন থেকে মানুষ সরে দাঁড়াচ্ছে। রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিতৃষ্ণা তৈরি হোক তা চাই না। আমাদেরও আন্দোলন করতে হতে পারে।”

নির্বাচন সফল করতে গেলে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ দরকার মন্তব্য করে আমু বলেন, “আমাদের বিভিন্ন ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।”

শনিবার মির্জা ফখরুলের সঙ্গে সৈয়দ আশরাফের বৈঠক হয়েছে কি-না সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি আমু।

সকালে দপ্তরে আসার পরে মন্ত্রণালয়ের কর্মকর্তারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করীম হীরা ও প্রতিমন্ত্রী মুস্তাফিজুর রহমানও এসময় উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মোখলেছুর রহমান বলেন, “আপনি আমাদের অভিভাবক। আগে সবাই মিলে যেভাবে কাজ করেছি সেভাবেই কাজ করব।”

সচিব বিদায়ী মন্ত্রী-প্রতিমন্ত্রীদেরও ধন্যবাদ জানান । এরপর মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের ক্ষেত্র ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সম্পর্কে মন্ত্রীকে অবহিত করা হয়।

রেজাউল করীম হীরা দায়িত্ব পালনের সময় মন্ত্রণালয়ের সবার সহায়তা পাওয়ার কথা তুলে ধরেন এবং সবাইকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ‘ভুলক্রুটির জন্য’ ক্ষমা চেয়ে নেন।

মুস্তাফিজুর রহমান বলেন, “চেষ্টা করেছি ভালো কিছু করার। তবে সব কিছু করতে পারিনি। ভূমির সঙ্গে সব মানুষের সম্পৃক্ততা আছে। ইচ্ছে করলে মানুষদের কষ্ট দেয়া যায়, আবার ইচ্ছে করলে সব জটও খুলে দেয়া যায়।”

“আমরা যেসব বিষয় শেষ করতে পারিনি নতুন মন্ত্রী তা করবেন,” বলেন বিদায়ী প্রতিমন্ত্রী।