২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপিও নির্বাচনে আসবে: তোফায়েল

অরাজকতার ফল ভালো হবে না- এই উপলব্ধি থেকেই বিএনপি নির্বাচনে আসার সিদ্ধান্ত নেবে বলে আশা করছেন তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 05:32 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

নির্বাচনকালীন মন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর রোববার সচিবালয়ে প্রথম কার্যদিবসে নিজের দায়িত্বের পাশাপাশি চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রবীণ এই রাজনীতিক।

বিএনপিকে নির্বাচনে আনতে উদ্যোগের অংশ হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৈয়দ আশরাফুল ইসলামের বৈঠকের দিকেও ইঙ্গিত দেন তিনি, যদিও ওই বৈঠক এখনো ধোঁয়াশাচ্ছন্ন।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল নির্বাচনকালীন সরকারে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

সকালে পূর্ত মন্ত্রণালয়ে এসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সভায় তিনি বলেন, “অরাজক পরিস্থিতিতে গিয়ে, হরতাল, অগ্নিসংযোগ ও বাসে আগুন দেয়ার ফল ভালো হয় না।

“বিরোধী দলের সে উপলব্ধি হয়েছে। আর এই উপলব্ধি থেকেই তারা নির্বাচনে আসবে বলে আমার বিশ্বাস। জ্বালাও-পোড়াও করে কিছু অর্জন করা যায় না।”

বিএনপিকে নির্বাচনে আনার বিষয়ে তোফায়েল বলেন, “এখনো আলোচনার পথ খোলা আছে। আমরা আলোচনার উদ্যোগ নিয়েছি। সবার অংশ গ্রহণের লক্ষে আমরা কাজ করছি।

“সেই লক্ষ্যে বিরোধী দলের প্রতি আমাদের আহ্বান রয়েছে। সেই প্রক্রিয়াও চলছে।”

সৈয়দ আশরাফের সঙ্গে মির্জা ফখরুলের ‘বৈঠক’ নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তোফায়েল বলেন, “আপনি যেটা ইঙ্গিত করছেন, সেটা শুরু হয়ে গেছে বলে আমি মনে করি।”

ওই বৈঠকের বিষয়টি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু নিশ্চিত করলেও ফখরুলসহ বিএনপি নেতারা অস্বীকার করে যাচ্ছেন।

Image
বঙ্গভভনে শপথ নিতে ঢুকছেন তোফায়েল আহমেদ (গত ১৮ নভেম্বরের ছবি)

বঙ্গভভনে শপথ নিতে ঢুকছেন তোফায়েল আহমেদ (গত ১৮ নভেম্বরের ছবি)

নির্দলীয় সরকারের দাবিতে বিএনপির আপত্তির মধ্যে নির্বাচনকালীন ‘সর্বদলীয়’ সরকারে মন্ত্রীর দায়িত্ব নিয়েছেন তোফায়েল।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে সহযোগিতা করাই হবে এই সরকারের প্রধান কাজ।

“দেশের মানুষকে যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারি এটাই অঙ্গীকার।”

তোফায়েল বলেন, নির্বচাচনকালীন সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না, শুধু  নিয়মিত কাজগুলো করবে।

গত বছর মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েও তা গ্রহণ না করা এই নেতা বলেন, “আমার কাছে আত্মমর্যাদা সব থেকে বড় জিনিস, এর সঙ্গে আপস করি না। শেষ জীবনে সততা নিয়ে যেন কেউ প্রশ্ন করতে না পারে। টপমোস্ট কাজ হবে সততা।”

পূর্ত মন্ত্রণালয় নিয়ে গণমাধ্যমে অনেক লেখালেখি হয়েছে উল্লেখ করে তোফায়েল বলেন, “আমার সময় যেন এটা না হয়। সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”