‘ব্ল্যাকমেইলে’ যেন না পড়ি: সালমা
প্রতিমন্ত্রীর দায়িত্ব পালনের সময় যেন ‘ব্ল্যাকমেইলে’ না পড়তে হয়, সেজন্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সহযোগিতা চেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সালমা ইসলাম।
নির্বাচনকালীন সরকারে দায়িত্ব নেয়ার পর রোববার সচিবালয়ে প্রথম কার্যদিবসে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন জাতীয় পার্টির এই সংসদ সদস্য।
পরে তিনি সাংবাদিকদের বলেন, “সব কর্মকর্তা আমার সঙ্গে দেখা করেছেন। আমি তাদের বারবার বলেছি, আমি যাতে ব্ল্যাকমেইলে না পড়ি। তারা যেন আমাকে সঠিক পথে নেয়।”
নির্বাচনকালীন এই সরকার নীতিগত কোনো সিদ্ধান্ত নেবে না, শুধু নিয়মিত কাজ করবে।
সালমা বলেন, “আমি চেষ্টা করব যতগুলো কাজ, তা যেন করে যেতে পারি। প্রত্যেকদিনের কাজগুলো প্রতিদিনই করতে চাই। কোনো কাজ যাতে পেন্ডিং না থাকে।”
প্রধান বিরোধী দলের বয়কটের হুমকির মধ্যে এই প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন অনুষ্ঠানই এই সরকারের চ্যালেঞ্জ।
“বিএনপিকে নির্বাচনে আনার জন্য সব রকমের চেষ্টা করে যাচ্ছি। আমার মন বলছে, তারা নির্বাচনে অংশগ্রহণ করবে। না হলে তো একটুখানি ত্রুটি রয়ে যায়।”
সকালে সাংবাদিক লেখা স্টিকার লাগানো একটি গাড়িতে করে সচিবালয়ে আসেন সালমা। তিনি দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক।
যুগান্তরের মালিকানা প্রতিষ্ঠান যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল প্রতিমন্ত্রী সালমার স্বামী।
