২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুষ্ঠু নির্বাচন করাই প্রথম দায়িত্ব: মেনন

অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের স্বার্থেই নির্বাচনকালীন সরকারে যোগ দিয়েছেন বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের নতুন মন্ত্রী রাশেদ খান মেনন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

রোববার নিজের দপ্তরে এসে দায়িত্ব বুঝে নেয়ার পর কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে পরিচিতিমূলক অনুষ্ঠানে এ কথা বলেন  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি।

তিনি বলেন, “রাজনৈতিকভাবে অবাধ-সুষ্ঠু নির্বাচন করাই আমাদের প্রথম দায়িত্ব।”

মন্ত্রী জানান, অন্তবর্তীকালীন মন্ত্রীসভা দৈনিন্দন কাজ করবে, ধারাবাহিকতা বজায় রাখবে। নতুন নতুন নীতি নিয়ে আপাতত কাজ হবে না।

“মন্ত্রণালয়ের যেসব সমস্যা-সংকট রয়েছে তা উত্তোরণে কাজ করব। তবে মৌলিক কোনো পরিবর্তনে যেতে পারব না।”

প্রধান বিরোধী দল বিএনপি নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এখন পর্যন্ত আন্দোলনে থাকলেও সাম্প্রতিক সময়ে রাজনীতিতে কিছু ‘ইতিবাচক’ পরিবর্তন এসেছে বলে মনে করছেন সরকারের এই শরিক নেতা।

তিনি বলেন, “সংলাপের মধ্যে দিয়ে সমাধানে আসতে পারব বলে মনে করি। গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নির্বাচনের বিকল্প নেই।”

মেনন বলেন, ‘সবাইকে’ নিয়ে আসার জন্যই অন্তবর্তীকালীন এই সরকার গঠন করা হয়েছে। এ সরকারে আসার জন্য বিরোধীদলকে যে আমন্ত্রণ জানানো হয়েছিল- তা এখনো বহাল।

সংবিধান অনুযায়ী আগামী ২৪ জানুয়ারীর মধ্যে নির্বাচন করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নির্বাচনকালীন সরকারই সে সময় রাষ্ট্রের দায়িত্বে থাকবে। 

বিএনপি না গেলে নির্বাচন ‘অবাধ ‍ও সুষ্ঠু’ হবে কি না জানতে চাইলে রাশেদ খান মেনন বলেন, “সংখ্যাগরিষ্ঠ জনগণ ভোটে অংশ নিলে নির্বাচন অবশ্যই গ্রহণযোগ্য হবে।”

বিরোধীদল দেশকে অচল করার যে হুমকি দিয়েছে, তাতে কাজ হবে না বলেও মন্তব্য করে ওয়ার্কার্স পার্টির সভাপতি।

তিনি বলেন, “দেশ দেশের গতিতে চলবে।”

টেলি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোসসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এ মন্ত্রণালয়ের আগের মন্ত্রী সাহারা খাতুন গত সপ্তাহেই কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে বিদায় নিয়েছেন। রোববার নতুন মন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় তিনি উপস্থিত ছিলেন না।