২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তাজরিন ও রানা প্লাজা স্মরণে সংহতি সমাবেশ

সাভারের তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের এক বছর এবং রানা প্লাজা ধ্বসের সাত মাস পূর্তিতে সমাবেশ করেছে দুটি শ্রমিক সংগঠন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2013, 08:20 PM

Updated : 23 Aug 2022, 07:20 PM

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে সংহতি সমাবেশের আয়োজন করে ‘বাংলাদেশ গামের্ন্টস শ্রমিক সংহতি’ ও ‘বাংলাদেশ গামের্ন্টস এণ্ড শিল্প শ্রমিক ফেডারেশন’।

সমাবেশ শুরুর আগে বাংলাদেশ গামের্ন্টস এণ্ড শিল্প শ্রমিক ফেডারেশনের উদ্যোগে ধ্বসে পড়া রানা প্লাজার সামনে একটি মানববন্ধন করা হয়।

সমাবেশে বক্তারা তাজরিনে অগ্নিকাণ্ডের এক বছর ও রানা প্লাজা ধ্বসের সাত মাসেও ক্ষতিগ্রস্ত শ্রমিক ও শ্রমিক পরিবারকে ক্ষতিপূরণ ও পুনর্বাসন না করায় ক্ষোভ প্রকাশ করেন।

নিহত, নিখোঁজ ও আহত শ্রমিকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ  এবং তাজরিন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

এছাড়া গামের্ন্টস কারখানায় শ্রমিকদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করাসহ মজুরি বোর্ড ঘোষিত শ্রমিকদের নূন্যতম মজুরি দ্রুত বাস্তবায়নেরও দাবি জানান তারা।

সমাবেশে বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মহাম্মদ, অধ্যাপক নাসিম আক্তার হুসাইন, গণসংহতি আন্দোলনের সমন্বয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আবদুস সালাম, সঙ্গীত শিল্পী কাজী কৃষ্ণকলি ইসলাম, অরূপ রাহী, নাট্যশিল্পী বন্যা মির্জা, বাংলাদেশ গামের্ন্টস এণ্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন, বিপ্লব হোসেন শফি প্রমুখ।

সমাবেশে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং তাজরিন ও রানা প্লাজার নিহত শ্রমিকদের স্বজন এবং আহত শ্রমিকরা উপস্থিত ছিলেন।

২০১২ সালের ২৪ নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরিন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মারা যান ১১০ পোশাক শ্রমিক।

আর এ বছরের ২৪ এপ্রিল সাভার বাজার বাসস্ট্যান্ডের বহুতল ভবন রানা প্লাজা ধ্বসে ১১শ’র বেশি পোশাক শ্রমিক প্রাণ হারান।