ঢাকা, চট্টগ্রামে ১০টি সোনার বার উদ্ধার: দুই ভারতীয়সহ আটক ৩
বিমান বন্দরে আবার চোরাই সোনা ধরা পড়েছে, এবার আটক করা হয়েছে ভারতীয় দুই ব্যক্তিকেও।
এদিকে চট্টগ্রাম রেল স্টেশনেও একাধিক সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার ভোরে ছয়টি সোনার বারসহ দুই বিদেশিকে আটকের খবর জানিয়েছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার মো. কামরুল হাসান।
আটক জীগনেস কুমার (২৫) ও দীনেশ মংগীলাল (২৭) দুবাই থেকে ইতিহাদ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় এসেছিলেন।
কামরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিমান থেকে নামার পর চেকিং পয়েন্টে তাদের ব্যাগের ভেতর পাঁটি সোনার বার সনাক্ত হয়। পাঁচটি সোনার বারের ওজন পাঁচ কেজি। সেই সঙ্গে তাদের দেহে আধা কেজি ওজনের সোনা ছিল।”
আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই শুল্ক কর্মকর্তা।
চট্টগ্রাম স্টেশনেও সোনা
এদিকে শনিবার সকাল ৭টার দিকে চট্টগ্রাম রেল স্টেশনের ৫ নম্বর প্ল্যাটফর্ম থেকে শফিকুর রহমান (৩৫) নামের ওই ব্যক্তিকে পাঁচটি সোনার বারসহ আটক করে রেল পুলিশ।
গ্রেপ্তার শফিকুর চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জিআরপি থানার ওসি সৈয়দ ইয়াছিন ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শফিকুরের ব্যাগের ভেতর অষ্টম শ্রেণীর ছয়টি বই ছিল। পাঁচটির ভেতরে একটি করে সোনার বার টেপ দিয়ে আটকানো ছিল।
“ট্রেনে করে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শফিকুর স্টেশনে এসেছিল। পাঁচটি সোনার বার ঢাকায় পৌঁছে দিলে সে পাঁচ হাজার টাকা পেত বলে জানিয়েছে।”
তিনি জানান, সোনার বারগুলোর প্রেরক বা প্রাপক সম্পর্কে কিছু জানা যায়নি, জিজ্ঞাসাবাদ চলছে।
সম্প্রতি ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বেশ কয়েকটি ‘সোনার চালান’ আটক করা হয়েছে।
গত বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ৭৫টি সোনার বারসহ একজনকে এবং সোমবার ১২৮টি সোনার বারসহ আরেক জনকে আটক করে শুল্ক কর্মকর্তারা।
১৫ নভেম্বর শাহজালাল বিমানের একটি ফ্লাইটে আসা দেলোয়ার হোসেন নামে এক যাত্রীর শরীরে ১৬টি সোনার বার পাওয়া যায়।
এর তিনদিন আগে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজের আসনের নীচ থেকে ৩৭ কেজি সোনা উদ্ধার করা হয়।
গত ২ নভেম্বর মাত্র দুই ঘণ্টার ব্যবধানে ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৪১টি সোনার বার উদ্ধার করে শুল্ক কর্মকর্তারা।
