পথশিশুদের আনন্দমেলা ২২ নভেম্বর
বিশ্ব শিশুদিবস উপলক্ষে পথশিশুদের নিয়ে আনন্দমেলার আয়োজন করছে জাগো ফাউন্ডেশন।
মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ২২ নভেম্বর ঢাকার বনানী শিশুপার্কে মেলা অনুষ্ঠিত হবে।
সংগঠনের প্রতিষ্ঠাতা করভী রাকশান্দ জানান, একই দিন এক সঙ্গে দেশের ১৪ জেলায় এ আনন্দ আয়োজন অনুষ্ঠিত হবে।
বিশ্ব শিশুদিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারো পথশিশুদের নিয়ে একটি আনন্দঘন দিন পালন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
সংবাদ সম্মেলনে রাজনৈতিক নেতৃবৃন্দের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আপনারা পারস্পরিক আলোচনার মাধ্যমে দেশের বিরাজমান অচলাবস্থার অবসান ঘটান।”
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন আমেরিকান কালচারাল সেন্টারের পরিচালক ভিরাজ লোবেইলী, ট্রান্সকম ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্কু চৌধুরী, এভারেষ্ট জয়ী ওয়াসফিয়া নাজরীনসহ অন্যান্যরা।
