তিতাস গ্যাস ক্ষেত্রে নতুন কূপ খনন উদ্বোধন
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের নিয়ন্ত্রাণাধীন ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ক্ষেত্রের নতুন একটি কূপের খনন শুরু হয়েছে।
বুধবার দুপুরে শহরের শিমরাইলকান্দি এলাকায় ২৭ নম্বর এ কূপের খনন কাজের উদ্ধোধন করেন পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নূরুল আবছার, বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী প্রমুখ।
বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পাসি লিমিটেডের কোম্পানি সচিব সঞ্জীব কুমার দেবনাথ জানান, আগামী তিন মাসের মধ্যে এই কূপের খনন কাজ শেষ হবে। এরপর এখান থেকে প্রতিদিন গড়ে ২০/২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ করা সম্ভব হবে।
হোসেন মনসুর বলেন, কূপটি খনন শেষ হলে তিতাস গ্যাস ফিল্ডের সামগ্রিক মূল্যায়ন ও ভূতাত্ত্বিক তথ্য উপাত্ত বিশ্লেষণসহ ফিল্ডের আরো বিস্তৃতি জানা যাবে, যা ভবিষ্যতে কূপ খননে সহায়তা করবে।
কূপ খননের ১১০ কোটি টাকা গ্যাস ডেভেলপমেন্ট ফান্ড থেকে নেয়া হচ্ছে বলেও তিনি জানান।
