২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণ নিয়ে যা হচ্ছে তা সাময়িক: ইউনূস

গ্রামীণ ব্যাংক ‘দখলের’ চেষ্টার অভিযোগ তুললেও এ পরিস্থিতি কেটে যাবে বলে আশা করছেন ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূস।

লাভলু আনসার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2013, 03:08 PM

Updated : 25 Apr 2022, 07:33 PM

মঙ্গলবার নিউ ইয়র্কে প্রবাসীদের এক সংবর্ধনায় তিনি বলেন, “গ্রামীণ ব্যাংক দখল নিয়ে যেসব চলছে তা নিতান্তই সাময়িক বলে আমি মনে করছি। আমরা সুস্থ সবল গ্রামীণ ব্যাংক ফিরে পেতে চাই।”

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতির পর থেকে ব্যাংকের ব্যবস্থাপনা নিয়ে দৃশ্যত সরকারের সঙ্গে বিরোধ চলে আসছে নোবেলজয়ী ইউনূসের। গ্রামীণ ব্যাংক আইন সংশোধন করায় সম্প্রতি সরকারের কঠোর সমালোচনা করেন তিনি।

তবে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গ্রামীণ ব্যাংক নিয়ে তার এই আত্মবিশ্বাসী বক্তব্য এলো।

নির্বাচন ঘিরে দেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রসঙ্গ টেনে ইউনূস বলেন, “শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের প্রক্রিয়া সম্পর্কে সকলেই জ্ঞাত আছেন। তবুও গোলমেলে রাজনীতি থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। এটি হচ্ছে বাংলাদেশের  জন্য এ সময়ের বড় সমস্যা।”

৪২ মিনিটের ওই বক্তব্যের একটি বড় অংশে নিজের সামাজিক ব্যবসা নিয়ে কথা বলেন মুহাম্মদ ইউনূস। সামাজিক ব্যবসার প্রসার হলে  বিশ্বের সামগ্রিক পরিবর্তনে নতুন সম্ভাবনার দ্বার খুলে যেতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ইউনূস বলেন, “২০০০ সালের আগে থেকেই আমি বলে আসছি যে, ২০৩০ সালের পর দারিদ্র্যকে জাদুঘরে পাঠাব। আমার কথায় অনেকেই হেসেছেন। এ অস্থায় ২০০০ সালে জাতিসংঘ এমডিজি পরিকল্পনা তৈরি করেছে। ২০১৫ সালের মধ্যে বিশ্ব থেকে গরীব মানুষের সংখ্যা অর্ধেক করার লক্ষ্য ধার্য করা হয়েছে। চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশ সে লক্ষ্য অর্জনে সক্ষম হয়েছে।”

২০৩০ সালের পর বাংলাদেশে একজন গরীব মানুষও যদি পাওয়া যায় তাহলে মিলিয়ন ডলার পুরস্কার দেয়ারও ঘোষণা দেন তিনি।

“আমার এ ঘোষণায় অনেকে হাসতে পারেন, যেমনটি হেসেছিলেন ১৩ বছর আগেও। কিন্তু আসছে ২০১৫ সালের মধ্যেই সারা বিশ্ব থেকে গরীবের সংখ্যা অর্ধেকে নেমে আসবে এবং পরবর্তী ১৫ বছরের জন্যে জাতিসংঘ হয়তো আমার বক্তব্য সমর্থন করেই পরিকল্পনা ঘোষণা করবে।”

ইউনূস সম্প্রতি যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল পদক পাওয়ায় প্রবাসীদের পক্ষ থেকে নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া কম্যুনিটি কলেজে এই  সংবর্ধনা  অনুষ্ঠানের আয়োজন করে।